State

বাংলার একাধিক জেলায় বৃষ্টির জন্য লাল ও কমলা সতর্কতা, গতি পেল বর্ষা

বাংলার একাধিক জেলার জন্য লাল ও কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। দেশে থমকে যাওয়া বর্ষা অনুকূল পরিস্থিতিতে পেল গতি।

রাজ্যে বর্ষা এলেও উত্তরবঙ্গে যদিও বা তার প্রভাব পড়েছিল তো দক্ষিণবঙ্গ চাতকের দিন কাটাচ্ছিল। অবস্থা বদল হয় গত বৃহস্পতিবার। শুধু মেঘ করে থাকাই নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়।

গাঙ্গেয় বঙ্গে শুক্রবার সকালে অতি প্রবল বৃষ্টি আবহাওয়ার গুমোট অস্বস্তিকর একটানা গরমেও যেন জল ঢেলে দেয়। আবহাওয়া বদলে যায় ১ দিনে। তবে সেখানেই শেষ নয়।

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। হিমালয় লাগোয়া জেলাগুলির নদীগুলি প্রবল বৃষ্টির জেরে ফুঁসবে বলেই পূর্বাভাস।

উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলির মত প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য নেই। তবে দক্ষিণবঙ্গও বৃষ্টিশূন্য দিন কাটাবে না। দক্ষিণবঙ্গে রবিবার ২ বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি সব জেলার জন্যই হলুদ সতর্কতা।

আগামী ১ সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি হতেই থাকবে। কার্যত বর্ষা এবার গতি পেয়েছে এ রাজ্যে। পরিস্থিতি অনুকূল হওয়ায় বৃষ্টি হচ্ছে।

এল নিনো ইতিমধ্যেই প্রভাব বিস্তার শুরু করায় এবার কম বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই এখন বৃষ্টি যতটা হবে সেটাই লাভ, এমন মনে করছেন সাধারণ মানুষ।

Show Full Article