আবহাওয়া বদলাচ্ছে, বাংলার বড় অংশে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় বৃষ্টি
বর্ষা এখনও আসেনি। তবে আবহাওয়ায় বদল হয়েছে। মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বাংলার বড় অংশ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে।
বর্ষা এখনও ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেনি। ফলে তা বাংলা পর্যন্ত পৌঁছতে দেরি আছে। তবে তার আগে আবহাওয়ায় কিছু বদল নজর কেড়েছে। ভ্যাপসা গরম এবং ঘাম বজায় থাকলেও আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। মাঝে মাঝে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টিও হচ্ছে। তাতে অবশ্য গরমে খামতি নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পরিবেশ তৈরি। সেটা চলতি সপ্তাহে নজরও কাড়বে।
কলকাতাতেই শুক্র ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিভিন্ন দিনে এই পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৩ দিন একই পারদ পরিস্থিতি বজায় থাকবে। গরম কমবেনা। তবে তারপর আস্তে আস্তে ২ থেকে ৩ ডিগ্রি পারদ কমবে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং গরম বজায় থাকলেও উত্তরবঙ্গ ভিজছে। চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২ দিনাজপুর এবং মালদাতে তুলনায় মাঝে মাঝে ঝড়বৃষ্টি হবে। আগামী ৩ দিন একই আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর আস্তে আস্তে ২ থেকে ৩ ডিগ্রি কমবে পারদ।
ভারতে বর্ষা প্রবেশ অনেক আগেই হওয়ার কথা ছিল। বর্ষা ঢোকার মত পরিস্থিতিও তৈরি হয়ে রয়েছে। কিন্তু এখনও বর্ষা কেরালা দিয়ে দেশে প্রবেশ করেনি। আবহবিদদের আশা চলতি সপ্তাহেই বর্ষা ঢুকে পড়বে দেশে।











