State

বৃষ্টির জেরে স্বস্তির আবহাওয়া, এই স্বস্তি আর কতদিন, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

প্রায় ৩ সপ্তাহ ধরে প্রবল গরমে কাটানোর পর অবশেষে আবহাওয়ায় বদল হল। বৃষ্টি নিয়ে এল স্বস্তি। কিন্তু এ স্বস্তি কতদিন। তার পূর্বাভাসও দিল আবহাওয়া দফতর।

ভারতের একটা অংশ জুড়ে লাগাতার তাপপ্রবাহ পরিস্থিতি ভয়ানক করে তুলেছিল। সকলেই তাকিয়েছিলেন আকাশের দিকে। কবে নামবে একটু স্বস্তির বৃষ্টি। সে বৃষ্টি অবশেষে নেমেছে। ঝড়ও হয়েছে। দিল্লি থেকে শুরু করে কলকাতা, সর্বত্রই এক ছবি।

মানুষ পেয়েছেন স্বস্তির বৃষ্টি। রেহাই মিলেছে আগুনে গরম থেকে। কিন্তু এই স্বস্তির আয়ু কতদিন? কবে আবার ফিরবে গরম? নাকি এমন আবহাওয়াই বিরাজ করবে? এত প্রশ্নের মাঝে সকলের একটাই জিজ্ঞাসা, আর ওই গরমটা ফিরবে না তো!

আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে যে ঝড়বৃষ্টির আবহাওয়া গরমকে অনেকটাই নিয়ন্ত্রণ করেছে তা শনিবার পর্যন্ত স্থায়ী হবে। আগামী ২ দিনে পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রির মত নামবে।

কিন্তু তারপর শুরু হবে ফের এক শুকনো ইনিংস। পারদও চড়বে। ২ দিন পর থেকে তার পরের ৪ দিনে পারদ আবার ২ থেকে ৩ ডিগ্রি চড়বে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সোমবার পর্যন্ত।

উত্তরবঙ্গেও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে ঠিকই, তবে ঝড়বৃষ্টি নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি। বরং সকালের তাপমাত্রা আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। তারপরের ৪ দিন ওই আবহাওয়াই থাকবে।

ফলে এটা পরিস্কার যে চলতি সপ্তাহে যেমন কিছুটা ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর স্বস্তির বার্তা দিতে পেরেছিল, আগামী সপ্তাহের জন্য তেমন বার্তা নেই। বরং শুকনো দিনই থাকবে। পারদও কিছুটা চড়বে।

Show Full Article