স্বস্তির বার্তা নিয়ে হাজির ঝড়বৃষ্টির সম্ভাবনা, নামবে পারদ, কবে থেকে, পাওয়া গেল পূর্বাভাস
দেশের সিংহভাগের সঙ্গে আগুনে গরমের আঁচে পুড়ছে বাংলার দক্ষিণভাগ। তবে এই অবস্থা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। কবে থেকে ঝড়বৃষ্টি। পাওয়া গেল পূর্বাভাস।
ভারতের একটা বড় অংশ তাপপ্রবাহের গ্রাসে। ৪৮ ডিগ্রির ঘরে ঘুরছে বেশ কয়েক জায়গার পারদ। এছাড়া ভারতের একটা বড় অংশ জুড়েই ৪৫ ডিগ্রির ওপর রয়েছে পারদ।
এ রাজ্যেও পশ্চিমের জেলাগুলির হাল বেহাল। কলকাতায় অসহ্য গরম, অস্বস্তি, ঘাম নিয়ে নাজেহাল হচ্ছেন মানুষজন। গরম কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। প্রায় হাঁপিয়ে ওঠা বাংলার জন্য অবশেষে এল স্বস্তির বার্তা।
আগামী সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত এই গরম চলবে। পরিস্থিতি বদলের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতি থেকে আবহাওয়ায় বদল আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বুধবারের পর থেকে পারদ ২ থেকে ৩ ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গে। সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া বাদে অন্য সব জেলাতেই বুধবারের পর কমলা সতর্কতা রয়েছে ঝড়বৃষ্টি নিয়ে।
কলকাতা সহ বাকি সব জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। এই ঝড়বৃষ্টি হলেই পারদ পতন হবে। স্বস্তি পাবেন মানুষ। এই বিরামহীন অসহ্য গরম থেকে মিলবে মুক্তি।
উত্তরবঙ্গে আবার ঝড়বৃষ্টি চলবে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তারপর সেখানে শুকনো আবহাওয়া থাকবে। আগামী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রার কোনও পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলিতে হবেনা। তার পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমবে পারদ।











