State

অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন যুবক, পাল্টা যুবকের স্ত্রীকেই বিয়ে করলেন পলাতক স্ত্রীর স্বামী

এমন ঘটনা কেউ শুনেছেন কি? বিয়ে অদলবদল এভাবে যে হতে পারে তাই কারও ধারনা ছিলনা। কিন্তু তেমনই এক সিনেমাকে হারিয়ে দেওয়া ঘটনার সাক্ষী হল উত্তরবঙ্গ।

সমাজ মাধ্যমে অনেক অজানা মানুষের সঙ্গেও আলাপ হয়ে যায়। সেভাবেই এক গৃহবধূর সঙ্গে আলাপ হয় এক যুবকের। ক্রমে সেই আলাপ প্রেমে পরিণত হয়। এদিকে ওই যুবকও বিবাহিত। স্ত্রী রয়েছেন। অন্যদিকে ওই যুবকের প্রেমে পড়া ওই গৃহবধূর স্বামী রয়েছেন।

কিন্তু তাঁদের প্রেম সম্পর্কের বন্ধনকে ছিন্ন করতে সময় নেয়নি। একজন স্বামীকে ছেড়ে এবং অন্যজন স্ত্রীকে ছেড়ে একে অপরের হাত ধরে পালিয়ে যান।

আলিপুরদুয়ারের ফালাকাটার ওই যুবক ও জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার পর তাঁদের স্বামী ও স্ত্রী একা হয়ে পড়েন। ২ জনের একজন তাঁর স্ত্রীর খোঁজ শুরু করেন। অন্যজন স্বামীর। এই খোঁজখবর করতে গিয়েই আলাপ হয় ২ জনের।

একজনের স্বামী পালিয়ে গেছেন। অন্যজনের স্ত্রী। ফলে তাঁদের আলাপের পর নিজেদের কষ্ট ভাগ করে নিতে সময় লাগেনি। এই যন্ত্রণা ভাগাভাগি করতে গিয়ে মন দিয়ে বসেন ২ জনে। নিজেদের এই যন্ত্রণাকে তাঁরা বদলে ফেলেন ভালবাসায়।

২ জনে স্থির করেন তাঁদের স্বামী এবং স্ত্রী একে অপরের সঙ্গে পালিয়েছেন। তাহলে তাঁরাই বা একা থাকেন কেন! স্থির করেন তাঁরাও বিয়ে করবেন। সেইমত ফালাকাটা থেকে ওই গৃহবধূ হাজির হন মায়নাগুড়িতে। জোড়পাকড়ি কালীবাড়িতে তাঁরা বিয়ে করেন।

একজনের স্ত্রীর ও একজনের স্বামীর তাঁদের নিঃসঙ্গ করে এভাবে পালিয়ে যাওয়ার পাল্টা এই বিয়ে নিয়ে তাঁরা খুশি। কিন্তু সাধারণ মানুষ তাজ্জব। এমন বিয়ে তাঁরা কখনও দেখেননি। এমন ঘটনাও শোনেননি।

Show Full Article