World

নজির গড়েছে গত মে মাস, যা বিশ্ববাসীর জন্য মোটেও সুখের রেকর্ড নয়

গত মে মাস এমন এক মে মাস ছিল যা গোটা বিশ্বের জন্য একটা উল্লেখযোগ্য মাস হয়ে রইল। তবে সে নজির মোটেও আনন্দের নজির নয়।

মে মাস কেটে এখন জুন চলছে। গরমের কমতি নেই। বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের মানুষ তা বাস্তবে টের পাচ্ছেননা। অন্যদিকে গত মে মাসে ইউরোপ জ্বলেছে আগুনে গরমে। গ্রীষ্ম সেভাবে আসার আগেই সেখানে প্রবল গরম ইউরোপবাসীকে নাজেহাল করেছে। গত মে মাসে সবচেয়ে বেশি গরম সহ্য করতে হয়েছে ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্সকে। অন্য ইউরোপীয় দেশগুলিতেও গরম দাপটে শাসন করেছে।

ইউরোপ ও আমেরিকার আবহাওয়া সংক্রান্ত সংস্থার দেওয়া হিসাব বলছে ২০২৬ সালের মে মাসে বিশ্ব যে গরম সহ্য করেছে তা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মে মাস। ১৮৫০ সাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই বছরের মে মাস দ্বিতীয় উষ্ণতম মে মাসের নজির গড়েছে। যে নজির অবশ্যই বিশ্ববাসীকে খুশি করতে পারেনি।

২০২৪ সালের মে মাসে এর চেয়ে গরম ছিল সামান্য বেশি। তাই সেটাই এখনও সর্বোচ্চ হয়ে আছে। তারপর ২০২৬ সালের মে মাস হল দ্বিতীয় উষ্ণতম।

এল নিনো ইতিমধ্যেই সক্রিয়। তার প্রভাব যে সরাসরি পড়তে শুরু করেছে বিশ্ব জুড়ে তা পরিষ্কার। বিশ্ব জুড়েই এবার এল নিনো-র প্রভাবে চরম আবহাওয়া দেখতে পাওয়া যাবে বলে অনুমান আবহবিদদের।

সেই এল নিনোর প্রভাবে ভারতেও বর্ষা বিমুখ হবে বলে পূর্বাভাস। বাংলার উত্তরভাগ বর্ষা প্রবেশে কিছুটা বৃষ্টি পেলেও দক্ষিণভাগে বর্ষা প্রবেশ করেছে খাতায় কলমেই। তার প্রভাবে বৃষ্টির দেখা নেই।

Show Full Article