চিন্তা বাড়াচ্ছে গডজিলা এল নিনো, অপেক্ষা করছে চরম আবহাওয়া, কোথাও খরা তো কোথাও ঝড়
বিশ্ব জুড়ে চিন্তা বাড়াচ্ছে গডজিলা এল নিনো। অপেক্ষা করছে এক চরম আবহাওয়া। ভারতও তার প্রভাব থেকে দূরে থাকতে পারবে না।
এল নিনো শব্দটা তো এখন প্রায় সকলের জানা হয়ে গেছে। তা কি করতে পারে তারও একটা ধারণা তৈরি হয়েছে অনেকের। তবে এবার যে এল নিনো জুন থেকে অগস্টের মধ্যে প্রভাব ফেলতে চলেছে তাকে বিশেষজ্ঞেরা অনেকে গডজিলা এল নিনো বলছেন।
গডজিলা এক অতিকায় দানবীয় চেহারার কাল্পনিক প্রাণী। যাকে বইয়ের পাতায় আর সিনেমার পর্দায় দেখে রোমাঞ্চিত হয়েছেন বিভিন্ন বয়সের মানুষ। তার সেই দানবীয় চেহারাকে মাথায় রেখে এল নিনো-র সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই গডজিলা শব্দটিকে। এক শক্তিশালী এল নিনো বোঝাতে গডজিলা শব্দটার প্রয়োগ করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জলস্তরের উত্তাপ বৃদ্ধিকে সামনে রেখেই এল নিনো শব্দের জন্ম। যা সেখানেই সীমাবদ্ধ না থেকে সারা বিশ্বের আবহাওয়ার ওপর প্রভাব ফেলে। জুন মাস থেকেই বিশ্ব জুড়ে তার প্রভাব পড়া শুরু।
এই শক্তিশালী এল নিনো-র প্রভাবে কোথাও ভয়ংকর খরা পরিস্থিতি সৃষ্টি হবে। আবার কোথাও হানা দেবে ভয়ংকর ঝড়। দেখা দেবে বর্ষা ঘাটতি। পৃথিবী এক চরম আবহাওয়ার মধ্যে দিয়ে যাবে।
এর প্রভাব দক্ষিণ এশিয়ার ওপর পড়বে। ভারত সেই প্রভাব থেকে মুক্তি পাবেনা। ভারতে যে এবার বর্ষা কম হবে তা আগেই পরিষ্কার করে দিয়েছে আবহাওয়া দফতর।
এল নিনো সক্রিয় হলে বর্ষার ঘাটতি হয়ে থাকে। তবে আবহবিদেরা এটাও মনে করেন যে বিশ্বের যে প্রান্তই হোক না কেন, অনেক সময় সার্বিক ভাবে এই কম বৃষ্টির পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দিতে পারে কোনও জায়গায় স্থানীয় আবহাওয়ার গতি প্রকৃতি।










