National

বর্ষা এবার আগেই পা রাখবে ভারতে, সে সম্ভাবনা উজ্জ্বল, কেরালায় প্রবেশ কবে হতে পারে

দেশের একটা অংশ প্রবল গরম, তাপপ্রবাহে নাজেহাল। ৪৪ ডিগ্রি পার করেছে পারদ। এরমধ্যেই আশার আলো দেখলেন দেশবাসী। বর্ষা ভারতে এবার আগে ঢোকার সম্ভাবনা উজ্জ্বল।

ভারতের পশ্চিম, মধ্য এবং উত্তরভাগে পারদ অনেক জায়গায় ৪৪ ডিগ্রির আশপাশে ঘুরপাক খাচ্ছে। অসহ্য গরমে নাজেহাল মানুষ। এরমধ্যেই অনেক জায়গায় তাপপ্রবাহ শুরু হয়েছে।

দিল্লি, মধ্যপ্রদেশ থেকে শুরু করে ওড়িশা, বিহারেও তাপপ্রবাহ চলছে। ভরা গ্রীষ্মে জ্বলছে ভারতের একটা বড় অংশ। একটু বৃষ্টির আশায় রয়েছেন সকলে।

এরমধ্যেই এল একটি মন ভাল করা খবর। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট তাদের পূর্বাভাসে জানিয়েছে ভারতে এবার বর্ষার প্রবেশ ঘটবে সময়ের আগে।

ভারতে প্রথম বর্ষা প্রবেশ করে আন্দামানে। তারপর মূল ভূখণ্ডে প্রবেশ করে কেরালা দিয়ে। সেখান দিয়েই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এবার দক্ষিণ আন্দামান সাগরের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে ওই সংগঠনের আবহবিদেরা মনে করছেন আন্দামানে আগেই বর্ষা ঢুকে যাবে। তারপর কেরালায়।

কেরালায় সাধারণত বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। এবার তা এগিয়ে এসে ২৫ মে হতে পারে বলে মনে করছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট। আর তা যদি হয় তাহলে ভারতে অবশ্যই সময়ের অনেক আগেই বর্ষার প্রবেশ ঘটবে।

ফলে তা সময়ের আগেই অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। অবশ্য সময়ের আগে বর্ষা ঢোকার পূর্বাভাস সামনে এলেও একটা বিষয় নিয়ে এখনও আবহবিদেরা পরিস্কার ধারনা পাচ্ছেন না।

এবার এল নিনো তার প্রভাব দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। তার কতটা প্রভাব ভারতে পড়বে সেটা পরিস্কার নয়। এদিকে বর্ষার প্রবেশ নিয়ে এখনও ভারতীয় আবহাওয়া দফতর কিছু জানায়নি।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *