গুহাতেও মুক্তো হয়, এক আশ্চর্য মুক্তোর গুহার সন্ধান পেলেন গবেষকেরা
মুক্তো তো ঝিনুক জাতীয় প্রাণির শরীরে তৈরি হয়। সেটাই সকলে জানেন। কিন্তু মুক্তো যে কোনও গুহার মধ্যেও তৈরি হতে পারে তার উদাহরণ পাওয়া গেল।
মুক্তো অলঙ্কার হিসাবে ব্যবহার হয়। আবার জ্যোতিষচর্চার ক্ষেত্রেও প্রতিকার হিসাবে মুক্তো পরার পরামর্শ দেন জ্যোতিষীরা। কিন্তু সেসব মুক্তো তৈরি হয় ঝিনুক জাতীয় জলের প্রাণির দেহে। তাদের শরীরের মধ্যে থেকে পাওয়া যায় উজ্জ্বল মুক্তো। ফলে মুক্তোর জন্য জল এবং জলজ প্রাণি দরকার।
কিন্তু এমন যদি হয় মুক্তো পাহাড়ের একটি গুহায় তৈরি হচ্ছে! অবাক করা কথা হলেও এটাই হয়েছে। মুক্তো পাওয়া গিয়েছে ভিয়েতনামের একটি গুহায়। সেখানে অনেক মুক্তোর সন্ধান পাওয়া গিয়েছে। যা অবশ্য চেনা মুক্তোর চেয়ে একটু আলাদা মুক্ত। একে বলা হচ্ছে গুহা মুক্তো। তবে তা উজ্জ্বল এবং গোলাকার।
ভিয়েতনামের লাইম স্টোন পর্বতমালার মধ্যেই রয়েছে ফং না কে বাং জাতীয় উদ্যান। সেখানেই একটি নতুন গুহার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাম দেওয়া হয়েছে থাং কেভ বা বিজয় গুহা।
সেখানেই হাজার হাজার বছর ধরে বজায় থাকা একটি নির্দিষ্ট আবহাওয়া, উত্তাপ ও পরিবেশে এই মুক্তোগুলি তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এভাবে পৃথিবীর নানা গুহায় গবেষণা চলতে থাকার হাত ধরে আরও অনেক আশ্চর্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। যা পৃথিবীর অতীত পরিবেশ পরিস্থিতির কথাও জানান দিতে পারে।
থাং গুহা কিন্তু ফের ভিয়েতনামের প্রাকৃতিক আশ্চর্যের কথা তুলে ধরল। তাছাড়া এই আবিষ্কার ওই এলাকার ভূতাত্ত্বিক গবেষণার কাজেও প্রভূত সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।











