World

আকাশ থেকে দিঘিতে ঝরে পড়ে অসংখ্য মাছ, দিঘি ভরে মাছে, চলে বঁড়শি দিয়ে মাছ ধরা

আকাশ থেকে ঝরতে থাকে মাছ। প্রতিবছর এই দৃশ্য নজর কাড়ে। যা প্রায় মাছ শূন্য দিঘিগুলিকে মাছে ভরে দেয়। এবার সেই মাছ ধরা হয় বঁড়শি দিয়ে।

এ এক অনেকদিন ধরে চলে আসা বাৎসরিক দৃশ্য। যা প্রতিবছর অবাক করে মানুষজনকে। পাহাড়সারির মাঝে মাঝে রয়েছে দিঘি। সেখানে হাজির হয় ছোট বিমান। যা উড়তে থাকে জলের কিছুটা উপর দিয়ে। তারপর সেই বিমান থেকে আচমকা শুরু হয় মাছ বৃষ্টি।

জলের সঙ্গে ঝরে পড়তে থাকে প্রচুর মাছ। সবই ছোট মাছ। রুপোলী রেখার মত মাছেরা দিঘির জলে ঝরে পড়তে থাকে। সে এক চোখ জুড়িয়ে দেওয়া দৃশ্য। বেশ অবাক করাও।

এটাই প্রতিবছর হয়ে থাকে ইউটা-র ইউটা পাহাড়সারির মাঝে মাঝে অবস্থিত দিঘিগুলিতে। যেখানে সড়কপথে কোনও গাড়ি নিয়ে পৌঁছনো অসম্ভব। একে এখানকার পাহাড়গুলি বেশ উঁচু। তায় আবার দিঘি পর্যন্ত ট্রেকিং করে পৌঁছতে হয়।

এই দিঘিগুলিতে মাছ প্রায় থাকেনা। সেখানে প্রতিবছর মাছ ফেলা হয় যাতে দিঘিগুলি মাছে ভরে ওঠে। এরও কারণ রয়েছে। এই দিঘিগুলিতে প্রতিবছর গরমকালে যখন আবহাওয়া খুব সুন্দর থাকে তখন প্রচুর মানুষ হাজির হন মাছ ধরতে। ছিপ ফেলে বসে থাকেন মাছের আশায়।

সেই মাছের জোগান আসে প্রতিবছর আকাশপথে। যেহেতু সড়কপথে গাড়ি আসা অসম্ভব, তাই মাছও সড়কপথে এসব দিঘিতে পৌঁছে দেওয়া সম্ভব হয়না। ফলে আকাশপথই একমাত্র ভরসা।

এই জলে মাছ এসে পড়লেও সেগুলি বছরের শেষে এসে শেষ হতে বসে। এ জলে তেমন মাছের বংশবৃদ্ধি হয়না। ফলে এখানে প্রতিবছর দিঘি মাছে ভরাতে হয় আকাশপথে নিয়ে এসে। যাতে মাছ ধরতে আসা মানুষজনের মাছ পেতে অসুবিধা না হয়।

Show Full Article