World

কয়েক ঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে আলফানসো, ল্যাংড়া, মার্কিন মুলুকে ভারতীয় আমের চাহিদা তুঙ্গে

কেশর, আলফানসো, দশেরি, ল্যাংড়া থেকে ভারতের আরও নানা প্রজাতির আম। মার্কিন মুলুকে পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে সব। চাহিদা সামাল দেওয়া মুশকিল হচ্ছে।

ভারতীয় আমের কদর যে বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের নানা প্রজাতির আম বিদেশে রফতানি হয়। যা আম চাষি থেকে দেশের অর্থনীতির জন্য ভাল খবর। অন্য দেশের সঙ্গে মার্কিন মুলুকেও আম রফতানি হয় ভারত থেকে।

ভারতের কেশর, আলফানসো, ল্যাংড়ার চাহিদা মার্কিন মুলুকে এবার সামাল দেওয়া যাচ্ছেনা। ভারতের অন্য নানা প্রজাতির আমের চাহিদাও সেখানে নজর কাড়া।

আমেরিকার নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসি, সিয়াটেল থেকে লস এঞ্জেলস, সব বাজারেই ভারতীয় আম বাজারে আসার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফাঁকা হয়ে যাচ্ছে বড় বড় দোকানের তাক। চাহিদা কুলিয়ে উঠতে হিমসিম খাচ্ছেন বিক্রেতারা। সেখানকার প্রবাসী ভারতীয় থেকে মার্কিন মুলুকের বাসিন্দা। সবাই মুখিয়ে রয়েছেন আমের স্বাদে মন ভরাতে।

ভারতীয় দূতাবাসের উদ্যোগে জুন মাসের শেষের দিকে ওয়াশিংটনে একটি আম উৎসব আয়োজিত হতে চলেছে। অন্যদিকে সিয়াটেলে ক্রমশ বাড়ছে ভারতীয় আমেরা চাহিদা। সিয়াটেলে ভারতের কনসুলেট জেনারেল-এর উদ্যোগে আয়োজিত হয়েছে ম্যাঙ্গো ম্যাজিক নামে একটি অনুষ্ঠান।

ভারতীয় আমের জনপ্রিয়তা বৃদ্ধি ও তা চেখে দেখার সুযোগ সামনে রেখে এই ম্যাঙ্গো ম্যাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ভারতের ৭ প্রকার আম চেখে দেখার সুযোগ পান অতিথিরা। আমগুলি হল মহারাষ্ট্রের আলফানসো এবং কেশর, উত্তরপ্রদেশের ল্যাংড়া এবং দশেরি, অন্ধ্রপ্রদেশের হিমায়ত ও বাঙ্গানপল্লি এবং গুজরাটের রাজাপুরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article