World

সমুদ্রে ভেসে গেল পা, ১০ মাস পর পাওয়া গেল ২৩ কিলোমিটার দূরে

সমুদ্রের জলে ভেসে গেল এক মহিলার পা। সেই থেকে সে পায়ের আর খোঁজ ছিলনা। পাওয়া গেল ২৩ কিলোমিটার দূরে। তাও ১০ মাস পর।

তিনি যখন একটি সমুদ্রসৈকতে জলে সাঁতার কাটছিলেন তখন আচমকাই একটি বড় ঢেউ এসে আছড়ে পড়ে তাঁর ওপর। তাতে তিনি একটু বেসামাল হয়ে যান। সেই ঢেউয়ের ধাক্কা সামাল দেওয়ার পর তিনি বুঝতে পারেন তাঁর নকল পা নেই। তা সমুদ্রে ভেসে গেছে।

দেখার চেষ্টা করেন সেটিকে। যদি উদ্ধার করা যায়। অল্প সময়ের জন্য সেটিকে ঢেউয়ের তালে দেখতেও পান। তারপর সেই যে উধাও হয়ে যায় সেই দামি নকল পা, তার কোনও খোঁজ তিনি পাননি।

তাঁর সাঁতারু বন্ধুরা চেষ্টা করেন জলে খোঁজ করার। কিন্তু সেই টাইটানিয়াম দিয়ে তৈরি পায়ের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তা সমুদ্রে যেন হারিয়ে যায়। ওই মহিলা বড় ধাক্কা খান। কারণ ওই পায়ের জন্য তাঁকে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করতে হয়েছিল।

পা হারানোর পর দিন যায়। মাস যায়। কিন্তু পায়ের দেখা পাওয়া যায়নি। সেটি ফিরে পাওয়ার আশাও ত্যাগ করেছিলেন ওই মহিলা। এদিকে এই ঘটনার পর ১০ মাস কেটে যায়। সে সময় অ্যাটউইক সমুদ্রসৈকতে জীবাশ্ম খুঁজে বেড়াচ্ছিলেন একজন।

তিনি পাথরের খাঁজে ওই পায়ের দেখা পান। সমাজ মাধ্যমের হাত ধরে সেই পা ফিরে পান মহিলা। অ্যাটউইক সমুদ্রসৈকত থেকে ২৩ কিলোমিটার দূরে যে নকল পা ব্রিডলিংটন সমুদ্রসৈকতে হারিয়েছিল তা ফিরে পাওয়াটা নেহাতই আশ্চর্যের বিষয় হয়ে যায় ওই ৬৯ বছরের মহিলার জন্য। যিনি তাঁর বহুমূল্য টাইটানিয়ামের নকল পা হারিয়ে কষ্ট পাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ
Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *