পোশাকে সোনার চেয়েও দামি বেগুনি রং, সোনার জরি, মিলল প্রাচীন সমাধিতে
সহস্রাব্দ প্রাচীন এক সমাধিক্ষেত্রে চলছিল গবেষণার কাজ। সে সময় সেখানে ছোটদের সমাধিস্থ করা একটি স্থানের খোঁজ পাওয়া যায়। সেখানেই পাওয়া যায় সোনার চেয়ে দামি বেগুনি রং।
রংয়ের দাম সোনার চেয়েও বেশি, শুনে একটু অবাক লাগলেও এমন এক রংয়ের খোঁজ পেয়েছেন গবেষকেরা। যাঁরা ইংল্যান্ডে কাজ করার সময় ২টি রোমান যুগের সমাধি খুঁজে পান। সেখানে একটিতে এক বছর ২-এর এক শিশুর দেহের পাশে ২টি পূর্ণবয়স্ক মানুষের দেহ শায়িত ছিল।
অন্যটিতে ছিল একটি কয়েক মাসের শিশুর দেহ। দেহগুলি দামি কাপড়ে ঢাকা ছিল। সে কাপড়ে আবার সোনার জরির কাজ ছিল। গবেষকেরা ওই দামি কাপড়টির রং পরীক্ষা করতে গিয়ে দেখেন সেটি টাইরিয়ান পার্পল রংয়ের। একটি বিশেষ ধরনের বেগুনি রং।
এই বেগুনি রং এতটাই দুষ্প্রাপ্য ছিল যে তার দাম অত্যন্ত বেশি। এতটাই বেশি যে তা সোনার চেয়েও দামি। এই রংটি পাওয়া যেত একধরনের সামুদ্রিক জীব থেকে। যাকে বলা হয় মুরেক্স সি স্নেল। একধরনের শামুক।
বলা হয় ১০ হাজার শামুক থেকে মাত্র ১ গ্রাম এমন বেগুনি রং পাওয়া যেত। ফলে তা পাওয়া অত্যন্ত কঠিন ছিল। খরচও ছিল বিশাল। এটি তৈরি করতেও অনেক সময় লাগত। প্রক্রিয়াও ছিল অত্যন্ত জটিল।
ফলে সে সময় সোনার চেয়ে অনেক গুণ বেশি ছিল এই রংয়ের দাম। যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। অত্যন্ত সম্ভ্রান্ত ও ধনী পরিবারের পক্ষেই এই টাইরিয়ান পার্পল রংয়ের পোশাক পরা সম্ভব হত।











