৩ ফুটের বিছে, যাদুঘরে ১৫০ বছর লুকিয়েছিল সাড়ে ৪১ কোটির গল্প
গাছের আগেই পৃথিবীতে ঘুরত ১ মিটার লম্বা বিছে। ১৫০ বছর যাদুঘরে পড়ে থাকা জীবাশ্ম খুলল প্রাগৈতিহাসিক রহস্যের নতুন দরজা।
পৃথিবীতে তখনও বিশাল গাছপালা বা ঘন জঙ্গল তৈরি হয়নি। সেই প্রাচীন পৃথিবীর বুকেই ঘুরে বেড়াচ্ছিল প্রায় ১ মিটার লম্বা এক ভয়ংকর কাঁকড়াবিছে। তার জীবাশ্ম ১৫০ বছরেরও বেশি সময় ধরে যাদুঘরের সংগ্রহে পড়ে থাকলেও আসল রহস্য বুঝতে এতদিন লেগে গেল বিজ্ঞানীদের।
প্রাণিটির নাম প্রিয়ার্কটুরাস গিগাস। প্রায় ৪১৫ মিলিয়ন বা সাড়ে ৪১ কোটি বছর আগে বর্তমান ব্রিটেনের এলাকায় এর অস্তিত্ব ছিল। আধুনিক প্রযুক্তির সাহায্যে পুরনো জীবাশ্ম নতুন করে পরীক্ষা করে গবেষকেরা জানতে পেরেছেন, সেটি ছিল সত্যিই দৈত্যাকার এক কাঁকড়াবিছে। শুধু তার সামনের দাঁড়ার দৈর্ঘ্যই ছিল ১৬ সেন্টিমিটারের বেশি।
অবাক করা বিষয় হল সময়টা। সাধারণত প্রাগৈতিহাসিক দৈত্যাকার সন্ধিপদদের কথা উঠলেই কার্বনিফেরাস যুগের বিশাল পোকামাকড়ের কথা মনে আসে। কিন্তু প্রিয়ার্কটুরাস গিগাস তাদেরও প্রায় ৫০ মিলিয়ন বা ৫ কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত।
এমনকি তখনও পৃথিবীতে প্রকৃত অর্থে বড় গাছ বা জঙ্গলের বিকাশ শুরু হয়নি। অর্থাৎ, গাছের জঙ্গল তৈরির আগেই পৃথিবীতে ছিল প্রায় একটি টেবিলের সমান লম্বা বিছে।
তবে রহস্য এখনও পুরোপুরি মেটেনি। বিজ্ঞানীরা নিশ্চিত নন এই বিশাল কাঁকড়াবিছে সম্পূর্ণভাবে স্থলভাগে থাকত, নাকি জল ও স্থল ২ পরিবেশেই চলাফেরা করত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই অসাধারণ প্রাণির রহস্য লুকিয়ে ছিল মিউজিয়ামের পুরনো জীবাশ্মের মধ্যে, প্রায় দেড় শতাব্দী ধরে।













