World

ব্যাঙ্কে গিয়ে টাকা লেনদেনই নয়, বিয়েও করা যাবে, কোথায় রয়েছে এই ব্যবস্থা

ব্যাঙ্কে গিয়ে মানুষ আর্থিক বিষয় নিয়েই ভাবেন। বিয়ে নিয়ে নয়। কিন্তু এবার ব্যাঙ্কে বিয়ের ব্যবস্থাও যে সম্ভব তা দেখা গেল।

ব্যাঙ্কে আর যাই হোক কেউ বিয়ে করতে যান না। কিন্তু যদি কেউ চান বিয়ে করতে আর সামনে একটা ব্যাঙ্ক পাওয়া যায়, তাহলে ব্যাঙ্কে ঢুকে আর্থিক লেনদেন নয়, বিয়ে করা যাবে।

আর তা কোনও মজার কাণ্ড নয়, একেবারে সরকারি তকমা পাওয়া সুবিধা। শুধু ব্যাঙ্ক নয়, এ দেশে বিয়ে করা যাচ্ছে হাসপাতাল, নাইটক্লাবেও। কেন এমন অভিনব বিবাহ সুবিধার বন্দোবস্ত? পিছনে অবশ্যই কারণ রয়েছে।

চিনে ক্রমশ সংসার বিয়ে ইত্যাদির ওপর থেকে মানুষের আগ্রহ কমছে। এমনিতেই চিনে সন্তান জন্মের হার কমেছে। যা চিন সরকারকে চিন্তায় ফেলেছে। তাই বিয়ে, সংসার পাতা যাতে সহজ হয়ে যায় সেদিকে ঝুঁকেছে সরকার।

আর সেটা করতে গিয়ে অভিনব সব সুযোগ তৈরি করা চলছে। বিয়ে করতে রেজিস্ট্রি অফিস যাওয়ার মত সময় না থাকলে হাতের কাছে ব্যাঙ্কে ঢুকেও তা সম্ভব। হাসপাতালে ঢুকে সম্ভব। এমনকি নাইটক্লাবে আনন্দ করার ফাঁকে বিয়ের কথা মাথায় এলেও তা সম্ভব।

দেশে বিয়ের প্রসারে জোর দিতে চিন সরকারের এই উদ্যোগ বেশ নজর কেড়েছে। গত অগাস্ট মাসেই চিনের তিয়ানজিনে চিনের পোস্টাল সেভিংস ব্যাঙ্কে বিবাহ রেজিস্ট্রেশনের সুবিধা চালু হয়েছে।

সেখানেই প্রথম চিনের কোনও ব্যাঙ্কে বিবাহ রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু হয়েছে। এই খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। যা তারপর বিশ্বের নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। দেশে বিয়ে এবং সংসার বাড়াতে চিনের সরকার কতটা মরিয়া তা এই সুযোগ চালু থেকেই পরিস্কার।

Show Full Article