World

কৃষিজমি ফেলে রাখতেই ফুলের বিস্ফোরণ, এক দশকে নিজে থেকেই ফুটল হাজার হাজার ফুল

চাষ বন্ধ করে শুধু সময় দিয়েছিলেন বিজ্ঞানীরা, এক দশক পর সেই জমিতেই প্রকৃতি নিজে ফুটিয়ে তুলল হাজার হাজার ফুল।

একটি কৃষিজমিতে চাষাবাদ বন্ধ করে দিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানে নতুন করে কোনও ফুলের বীজ ছড়ানো হয়নি, ব্যবহার করা হয়নি কোনও বাণিজ্যিক বীজ মিশ্রণও।

শুধু বছরে একবার ঘাস কেটে খড় হিসাবে সরিয়ে নেওয়া হত। আর প্রায় এক দশক পর সেই জমিতেই দেখা গেল অবিশ্বাস্য পরিবর্তন। নিজে থেকেই ফুটে উঠেছে হাজার হাজার ফুল।

ঘটনাটি ইংল্যান্ডের উত্তর নরফোক-এর। প্রায় ২ হেক্টর জমিতে ঘটেছে এই আশ্চর্য ঘটনা। গবেষকেরা দীর্ঘ সময় ধরে দেখেছেন, চাষ বন্ধ করার ১০ থেকে ১৫ বছরের মধ্যে ওই এলাকার উদ্ভিদ বৈচিত্র্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, মানুষের হাতে নতুন করে গাছ লাগানো ছাড়াই ধীরে ধীরে ফিরে এসেছে নানা স্থানীয় উদ্ভিদ। একসময় কৃষিকাজের জন্য ব্যবহৃত সাধারণ মাঠ পরিণত হয়েছে রঙিন, বৈচিত্র্যময় ঘাস জমিতে।

ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের গবেষকেরা বলছেন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার মানেই সবসময় বিপুল টাকা খরচ করে নতুন বীজ ছড়ানো বা কৃত্রিমভাবে বাস্তুতন্ত্র তৈরি করা নয়। কোনও কোনও ক্ষেত্রে জমির মাটিতে আগে থেকেই থাকা বীজ ব্যাংক, কাছাকাছি এলাকার গাছ থেকে উড়ে আসা বীজ এবং প্রকৃতির নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতাই যথেষ্ট হতে পারে।

তবে তার জন্য প্রয়োজন সময় এবং সঠিক ব্যবস্থাপনা। নিয়মিত নিবিড় চাষাবাদ, সার ছড়ানো বা কীটনাশক ব্যবহার বন্ধ থাকলে বহু হারিয়ে যাওয়া উদ্ভিদ আবার ফিরে আসতে পারে।

এই গবেষণা যেন আরও একবার মনে করিয়ে দিল প্রকৃতিকে সবসময় নতুন করে সাজাতে হয়না। কখনও কখনও তাকে শুধু একটু জায়গা আর সময় দিলে সে নিজেই তার হারানো রং ফিরিয়ে আনতে পারে।

Show Full Article