রাস্তা তৈরি করতে গিয়ে পাওয়া গেল ১৭০০ বছর পুরনো নখ পরিচর্যার যন্ত্র
রাস্তা তৈরি করার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সেই সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে কিছু নজরকাড়া ঐতিহাসিক জিনিস। যারমধ্যে রয়েছে নখের যত্ন নেওয়ার যন্ত্রও।
একটি রাস্তা তৈরি করার জন্য মাটি খোঁড়ার তো দরকার পড়েই। সেজন্য মাটি খোঁড়ার কাজও চলছিল। আর সেই মাটি খুঁড়তে গিয়েই এমন কিছু মাটির তলা থেকে পাওয়া গেল যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
মাটি খুঁড়তে যা বেরিয়ে এল তা ১৭০০ বছর পুরনো রোমান যুগ সম্বন্ধে নতুন অনেক তথ্য দিল। যার মধ্যে সবচেয়ে বেশি যেটা নজর কেড়ে নিয়েছে সেটা হল নখ পরিস্কার করার ২টি তামার তৈরি যন্ত্র। নখের মধ্যে ময়লা জমে যাওয়া দৈনন্দিন জীবনের অঙ্গ। যা তখনও স্বাভাবিক ছিল, এখনও স্বাভাবিক।
নখের মধ্যে জমে যাওয়া ময়লা যাতে একদম পরিস্কার করে ফেলা যায় তার জন্য নখ পরিস্কারের যন্ত্রের চল ছিল সে সময়। এটা মাটির তলা থেকে পাওয়া জিনিস থেকে পরিস্কার।
ইংল্যান্ডের চেলতেনহ্যাম শহরের কাছেই এই রাস্তা তৈরির কাজ চলছিল। সেখানেই তামার তৈরি যে ২টি নখের ময়লা পরিস্কারের যন্ত্র পাওয়া গেছে সেগুলি বেশ লম্বা। এমনভাবে তৈরি যাতে নখের কোণা থেকেও ময়লা পরিস্কার করে ফেলা যায়।
শুধু নখ নয়, কান পরিস্কার করার যন্ত্রও পাওয়া গেছে এখান থেকে। যে যন্ত্রগুলি পাওয়া গেছে সেই ধাতব জিনিসগুলির একটি বিশেষত্বও আছে।
সেই বিশেষত্ব লুকিয়ে আছে তা তৈরির ধরণে। প্রতিটি ধাতব যন্ত্রের একটা অংশ পুরুষদের বিশেষ অঙ্গের আদলে তৈরি হয়েছে। কারণ তা সৌভাগ্য, উর্বরতা এবং সুরক্ষার প্রতীক হিসাবে ব্যবহার হত।












