National

হিমালয়ে পাওয়া গেল খুশি মুখের নতুন প্রাণি

এটা শুধু একটা নতুন খোঁজই নয়, এটা তার চেয়ে একধাপ এগিয়ে কিছু পাওয়া। কারণটা হাসি। এ প্রাণির হাসিটাই নজর কাড়ছে সকলের।

১৯০০ সালে প্রশান্ত মহাসাগরের ওপর হাওয়াই দ্বীপপুঞ্জে একধরনের মাকড়সার খোঁজ পাওয়া গিয়েছিল। হাওয়াই ছাড়া এমন মাকড়সার দেখা আর পৃথিবীর কোথাও পাওয়া যায়নি। কিন্তু এবার তার খোঁজ পাওয়া গেল। ওই মাকড়সা না হলেও ওই ধরনের মাকড়সা।

নতুন প্রজাতির এই মাকড়সার দেখা পাওয়া গেছে ভারতের ভূভাগে থাকা হিমালয়ে। ফলে এ প্রাণি ভারতে পাওয়া গেল বলা যেতেই পারে। হিমালয়ে এক নতুন প্রজাতির মাকড়সার খোঁজ পাওয়া গেছে। যাকে হাসি মুখের আবিষ্কার বলছেন অনেকে।

মাকড়সাটি সবুজ রংয়ের। ছোট চেহারার। তবে তার সবচেয়ে নজরকাড়া দিকটি হল তার হাসি মুখ। মাকড়সাটির পিঠের অংশে একটি হাসির মত ছোপ আছে। সবুজের ওপর লালচে ছোপ। যা দেখে মনে হয় যেন প্রাণিটি হাসছে। তাই তাকে বলা হচ্ছে হাসি মুখের মাকড়সা।

উত্তরাখণ্ডের হিমালয়ে গবেষণা চালানোর সময় এই মাকড়সা প্রথম নজরে আসে এক গবেষকের। পরে তিনি সেখানে এমন অনেকগুলি মাকড়সার দেখা পান। এদের নাম দেওয়া হয়েছে হিমালয়ান হ্যাপি ফেস স্পাইডার।

হাওয়াইয়ান হ্যাপি ফেস স্পাইডারের কথা অনেকের জানা। হিমালয়ে পাওয়া এই প্রজাতিটি প্রায় তেমনই দেখতে। তবে একটু আলাদা।

এতদিন মনে করা হত হাসি মুখের মাকড়সা বুঝি কেবল হাওয়াইতেই পাওয়া যায়। তবে বিজ্ঞানীদের সে ধারনা বদলে দিল হিমালয়ে দেখা পাওয়া এই নতুন হ্যাপি ফেস স্পাইডার।

Show Full Article