National

বাঁদরদের দখলে তাজমহলের সাজানো ফোয়ারা, দাঁড়িয়ে পড়লেন পর্যটকেরা

তাজমহল চত্বরে ফোয়ারা তাজমহলের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দেয়। তাজমহল চত্বরকে সাজিয়ে তোলে। যা আপাতত চলে গেছে বহু বাঁদরের দখলে।

তাজমহল দেখতে মানুষের ভিড় সারাবছর লেগে থাকে। তাজমহলে ঢুকেই বিশাল চত্বর। তা পার করলে তারপর পা রাখা যায় তাজমহলে। এই চত্বর সাজানো রয়েছে সুন্দর করে কাটা ঘাস, গাছ আর ফোয়ারায়। রয়েছে বসার জন্য পাথরের সিটও। ফোয়ারার তো আলাদাই সৌন্দর্য। সেই ফোয়ারা গেল বাঁদরদের দখলে। যার ছবি তুলে রাখলেন অনেকেই।

তাজমহল চত্বরের সেই ফোয়ারার জন্য অনেক বাঁদরের দাপাদাপি নজর কেড়েছে সকলের। অসহ্য গরমে নাজেহাল আগ্রা। আগ্রা শহরের মানুষ গরম সহ্য করে উঠতে পারছেন না। বাঁদররাও একই পরিস্থিতির শিকার। অসহ্য গরমে তারা কি করবে বুঝে উঠতে পারছেনা। কীভাবে শরীরটাকে একটু ঠান্ডা করা যায় তার ঠিকানা খুঁজতেই একদল বাঁদর ঢুকে পড়ে তাজমহল চত্বরে।

তাজমহল চত্বরের ফোয়ারায় নেমে পড়ে তারা। যেখানে যথেষ্ট জল রয়েছে। জলে নেমে তারা শরীর ঠান্ডা করতে থাকে। কেউ নামছে। কেউ সাঁতারের মত হাতপা ছুঁড়ছে। কেউ কেউ আবার একবার উঠে আসছে। ফের জলে নামছে। কেউ চুপ করে জলে শরীরটার সিংহভাগ ডুবিয়ে বসে থাকছে। এমন নানা রূপে বাঁদরদের দেখতে পাওয়া যায়। যা নজর কেড়ে নেয় সকলের।

অনেক পর্যটকই দাঁড়িয়ে পড়েন বাঁদরদের এই শরীর ঠান্ডা করার উপায় দেখে। বাঁদররা অবশ্য পর্যটকদের নিয়ে চিন্তিত ছিলনা। তারা তাদের মত করে খেলায় মেতে উঠেছিল। গরমকে পরাস্ত করাও হল আবার যতক্ষণ ইচ্ছে জলে থেকে খেলাও হল।

বাঁদরদের এই আনন্দ ক্যামেরাবন্দি করতে সময় নেননি পর্যটকেরা। পরে তা সমাজ মাধ্যমে ছড়িয়েও পড়ে। অনেকেই তাজমহলের মত বিশ্বখ্যাত পর্যটনক্ষেত্রে বাঁদরদের এই জলকেলি দেখে মজা পেয়েছেন।

Show Full Article