SciTech

১টাই ছায়াপথে ৩ দানব, বিরল মহাজাগতিক রহস্যের খোঁজ

একটি নক্ষত্রমণ্ডলে একসঙ্গে ৩টি সক্রিয় ব্ল্যাকহোলের সন্ধান বিজ্ঞানীদের। মহাবিশ্বের প্রাচীন ইতিহাস ঘিরে বাড়াল রহস্য।

একটিমাত্র ছায়াপথ। আর সেই ছায়াপথের ভিতরেই লুকিয়ে রয়েছে ১টি নয়, ২টি নয়, একসঙ্গে ৩টি বিশাল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক বিরল মহাজাগতিক দৃশ্যের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে প্রায় ১২.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে একটি নক্ষত্রমণ্ডল। গবেষকেরা সেখানে সনাক্ত করেছেন ৩টি সক্রিয় বিশাল আকৃতির ব্ল্যাকহোল। অর্থাৎ ৩টিই বর্তমানে চারপাশের পদার্থ টেনে নিচ্ছে এবং প্রচণ্ড শক্তি নির্গত করছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ব্ল্যাকহোলগুলির মধ্যে ২টি ছায়াপথটির কেন্দ্রের খুব কাছাকাছি অবস্থান করছে। তাদের মধ্যে দূরত্ব মাত্র ৬২০ আলোকবর্ষ। তৃতীয় ব্ল্যাকহোলটি রয়েছে কেন্দ্র থেকে প্রায় সাড়ে ৫ হাজার আলোকবর্ষ দূরে। আর এখানেই এই আবিষ্কার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কারণ ছায়াপথটিকে আজকের অবস্থায় দেখা যাচ্ছেনা। এর আলো পৃথিবীর কাছে পৌঁছতে সময় লেগেছে প্রায় ১২.৫ বিলিয়ন বছর। অর্থাৎ যে দৃশ্য দেখা যাচ্ছে তা বিগ ব্যাং-এর মাত্র ১.২ বিলিয়ন বছর পরের মহাবিশ্ব।

বিজ্ঞানীদের ধারনা, নক্ষত্রমণ্ডলের সংঘর্ষ বা একাধিক নক্ষত্রমণ্ডলের সংযোজনের ফলেই এমন ৩টি ব্ল্যাকহোল একই ব্যবস্থায় এসে থাকতে পারে। এখন প্রশ্ন, ভবিষ্যতে এই ব্ল্যাকহোলগুলি কি একে অপরের দিকে এগিয়ে গিয়ে সংযুক্ত হবে? এই প্রশ্নের উত্তরই হয়তো জানাবে, মহাবিশ্বের প্রথম যুগে বিশাল নক্ষত্রপুঞ্জ এবং অতিবিশাল কৃষ্ণগহ্বর কীভাবে এত দ্রুত তৈরি হয়েছিল।

Show Full Article
nilkantho.in App