১০ বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া দ্বীপকে ভুলতে দিচ্ছেনা গাছে হেলান দেওয়া মানুষ
সমুদ্রের জলস্তর যে বৃদ্ধি পাচ্ছে তা অনেকের জানা। সেই বাড়তে থাকা সমুদ্রের তলায় হারিয়ে গেছে একটি দ্বীপ। ১০ বছর আগে হারিয়ে যাওয়া দ্বীপ কিন্তু আজও বেঁচে আছে।
সমুদ্রের জল বাড়ছে। বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রের জল গরম হওয়া, বরফ গলতে থাকা এমন অনেক কারণে সমুদ্রে জল বেড়ে যাচ্ছে। যা অনেক দ্বীপকেই হয়তো একদিন গিলে নেবে। এখনই তা শুরু হয়ে গেছে।
সমুদ্রের জলস্তর বৃদ্ধির জেরে যে কয়েকটি দ্বীপ ইতিমধ্যেই জলের তলায় হারিয়ে গেছে তার একটি কেল দ্বীপ। প্রশান্ত মহাসাগরের ওপর সলোমন দ্বীপপুঞ্জের একটি দ্বীপ ছিল কেল। সাদা বালি, ঘন জঙ্গলে ভরা ছবির মত সুন্দর দ্বীপটা ২০১৬ সালে সমুদ্রের তলায় হারিয়ে যায়।
কিন্তু তারপরেও তাকে বাঁচিয়ে রেখেছে একটি গাছে হেলান দেওয়া মানুষ। না সত্যিই কোনও গাছ নয়, আর মানুষটিও রক্তমাংসের নয়। শিল্পীর সৃজনশীলতার পরিচয় হয়ে এই শিল্পকীর্তি আজও জানান দিয়ে চলেছে ঠিক কোথায় জলের তলায় রয়েছে কেল দ্বীপ।
কেল দ্বীপ প্রায় জলের তলায় চলে যাওয়ার পর তার সামান্য যে মাটিটুকু জেগে ছিল সেখানে এক ব্রিটিশ শিল্পী একটি শিল্পকীর্তির জন্ম দেন। একটি গাছ। যার ডালপালা আছে। সেই গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে এক মানুষ।
যার গায়ে কয়েকটি দাগ কেটে কয়েকটি সাল লেখা আছে। এই সালগুলো জলস্তর বৃদ্ধির জানান দিচ্ছে। কোন সালে ওই শিল্পের কতটা গিলে নেবে সমুদ্র তা নিজের কল্পনা থেকে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী।
এই শিল্প আজও কিন্তু জানান দিয়ে চলেছে জলের কোথায় ডুবে আছে কেল দ্বীপ। দ্বীপটির স্মৃতি বাঁচিয়ে রেখেছে এই শিল্প। যা এখন কেবল কেল দ্বীপের অবস্থানের জানান দেয়না, তার সঙ্গে সামুদ্রিক অনেক পাখি, প্রবালদের বাসস্থান হয়ে উঠেছে সমুদ্রের মাঝে এই অমোঘ কীর্তি।












