১ লক্ষ ৭০ হাজার বছর পর হাজির ধূমকেতু, না দেখলে এ জন্মে আর দেখা হবেনা
এক বিরল অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ তৈরি হল। ১ লক্ষ ৭০ হাজার বছর পর ফের দৃশ্যমান হতে চলেছে একটি ধূমকেতু। না দেখলে আর দেখার সুযোগ নেই।
মহাজাগতিক বিস্ময় দেখার সুযোগ হাতছাড়া করতে চান না অনেকেই। আর এ এমন এক মহাজাগতিক বিস্ময় যা মানুষের চোখে ধরাই দেবে ১ লক্ষ ৭০ হাজার বছর পর। ফলে একজন যদি এই বিরলতম ধূমকেতুকে দেখার সুযোগ পান তাহলে এ জন্মে আর তা দেখার সুযোগ হবেনা।
এ ধূমকেতুটি শেষবার দেখা গিয়েছিল যখন পৃথিবীর বুকে আদি মানব পাদচারণা করছিল। তারপর পার হয়েছে ১ লক্ষ ৭০ হাজার বছর। ফের সেই ধূমকেতু মহাকাশে তার কক্ষে পাক খেয়ে ফিরছে সূর্যের কাছে। আর তা সূর্যের কাছে পৌঁছলে সূর্যের তাপে তার বরফ গলবে।
একটি বরফ ও জমাট বাষ্পের লেজ তৈরি হবে। যা তার ছুটে যাওয়ার সময় উজ্জ্বল হয়ে উঠবে। সূর্যের আলোয় নজর কাড়বে আকাশের বুকে। তবে এই ধূমকেতুকে দেখার সুযোগ পাওয়া যাবে উত্তর গোলার্ধ থেকে। পৃথিবীর উত্তর গোলার্ধেই রয়েছে ভারত।
মহাকাশ বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সি/২০২৫ আর৩ নামে এই ধূমকেতুটিকে দেখতে পাওয়া যাবে ভোর হওয়ার ঠিক আগে। শর্ত আকাশ পরিস্কার থাকতে হবে। সেইসময় পূর্ব আকাশে নজর রাখলে দিগন্তের কাছে তাকে দেখতে পাওয়া যাবে।
হালকা উজ্জ্বল দেখতে লাগবে এই ধূমকেতুকে। খালি চোখে দেখা যেতেই পারে। তবে বাইনোকুলার থাকলে আরও বেশি ভাল দেখার সুযোগ পাওয়া যাবে।
মনে রাখতে হবে ভোর হওয়ার ঘণ্টা ২ আগে থেকেই পূর্ব দিগন্তে নজর রাখতে হবে। এতে অন্ধকার আকাশে চোখ সয়ে যাবে। ফলে দ্রুত ধূমকেতুটিকে দেখার সুযোগ পাওয়া যাবে।
এপ্রিলের ১০ থেকে ২০ তারিখের মধ্যে এই ধূমকেতু দৃশ্যমান। অর্থাৎ এখন সেই সময় চলছে। তবে সেটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছবে ১৯ এপ্রিল।
২৭ এপ্রিল এটি পৃথিবীর কাছে এলেও তার অবস্থানের জন্য খুব কম জায়গা থেকেই তাকে দেখতে পাওয়া যাবে। এরপর সে হারিয়ে যাবে মহাকাশে। ফের ফিরবে ১ লক্ষ ৭০ হাজার বছর পর। যে সময় এখন জীবিত কেউই আর থাকবেন না।












