World

অসহ্য গরমে বিখ্যাত নদীর জল গেল শুকিয়ে, উঁকি দিল যুদ্ধজাহাজ

এক অসহ্য গরমে পুড়ছে দেশের পর দেশ। বৃষ্টি নগণ্য। নদীর জলও শুকিয়ে যাচ্ছে। এক বিখ্যাত নদীর জল শুকিয়ে এবার উঁকি দিল একটি পুরনো যুদ্ধজাহাজ।

এ নদী অতি বিখ্যাত। অনেকগুলি দেশের মাটির বুক চিরে তার গতিপথ। সে নদীর জল রেহাই পেল না গরম থেকে। মাত্রা ছাড়া গরমের দাপটে নদীর জল অনেক জায়গায় শুকিয়ে গেছে। নেমে গেছে জলস্তর।

এমনও অনেক জায়গা রয়েছে যেখানে চরা বেরিয়ে এসেছে। নদীর তলদেশের মাটি দেখা যাচ্ছে। এই অস্বাভাবিক জলস্তর পতনের হাত ধরে এবার এ নদীর তলায় হারিয়ে যাওয়া অনেক কিছু চোখের সামনে চলে আসছে। এগুলি যে জলের তলায় রয়েছে সেটাই কারও জানা ছিলনা।

যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি যুদ্ধজাহাজ উঁকি দিয়েছে। সেটি সে সময় এই বিখ্যাত দানিউব নদীর জলে ডুবে গিয়েছিল। তারপর তার আর কোনও খোঁজ ছিলনা। জলের কোন গভীরে কোথায় যে সেটি ডুবে আছে তার খোঁজও কেউ রাখেনি।

কিন্তু এবার ইউরোপ জুড়ে গরমের যে তাণ্ডব চলছে তাতে দানিউব অনেক জায়গায় শুকিয়ে গেছে। নদীর তলদেশও এখন স্পষ্ট। সেখানে হেঁটে বেড়ানো যাচ্ছে। সার্বিয়ার প্রাহোভো এলাকায় দানিউব নদীর জল শুকিয়ে এখন স্পষ্ট দেখা যাচ্ছে সেই জার্মান যুদ্ধজাহাজটি।

ইউরোপ জুড়ে এবার রেকর্ড ভাঙা গরম পড়েছে। দানিউব নদীর জল এর আগে কখনও এতটা ভয়ানক অবস্থায় পৌঁছে যায়নি। জার্মানি থেকে উৎপন্ন হয়ে কৃষ্ণসাগরে মিশে যাওয়া, দানিউব এর মাঝে নানা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যার মধ্যে রয়েছে সার্বিয়াও।

সেখানে এবার দানিউব শুকিয়ে যেতে দেখা মিলল আস্ত যুদ্ধ জাহাজের। দ্যা ইনডিপেন্ডেন্ট সহ ইউরোপ সহ বিশ্বের নানা সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর আলোড়ন পড়ে গেছে।

Show Full Article
nilkantho.in App