শহরের আকাশ ঢাকল অতিকায় ড্রাগন, অনেকে ভাবলেন ভিনগ্রহী জীব
এক বিশাল আকারের উড়ন্ত ড্রাগন। যা শহরের আকাশে উড়ছিল ভোরের দিকে। নজরে পড়তে অনেকেরই মনে হল এ প্রাণি পৃথিবীর নয়। ভয়ও পেলেন অনেকে।
ভোরের আকাশে পাখিরা উড়ে বেড়ায়। নানা সুরে ডাকে। এসব দেখে শুনে অভ্যস্ত সকলে। কিন্তু সেই আকাশে কাকভোরে যদি কোনও উড়ন্ত ড্রাগন দেখতে পাওয়া যায় তাহলে অনেকের শিরদাঁড়া দিয়েই হিম স্রোত বয়ে যেতে পারে।
এক অতিকায় প্রাণি উড়ে বেড়াচ্ছে। যা কার্যত অচেনা। অনেকের মনে হতে শুরু করে এ জীব পৃথিবীর নয়। কোনও অন্য গ্রহ থেকে এখানে উড়ে এসেছে।
আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। কৌতূহলও ছড়ায়। এই উড়ন্ত ড্রাগনের ছবি যেমন অনেকেই তুলে ফেলেন তেমন তা নিয়ে চর্চাও শুরু হয়। রটনাও শুরু হয়।
এই উড়ন্ত ড্রাগনটি সাইরাক্স-এর অনুকরণে তৈরি। এইচবিও-র বিখ্যাত সিরিজ হাউস অফ দ্যা ড্রাগন-এর তৃতীয় ভাগ আসতে চলেছে। এটা তারই প্রচার।
তবে এই উড়ন্ত ড্রাগনের গ্লাসগোর আকাশে উড়ে বেড়ানো কেবল এই একটি কারণে ছিলনা। এর একটি দ্বিতীয় কারণও রয়েছে। গ্লাসগোয় শুরু হতে চলা কমনওয়েলথ গেমসের জন্যও আকাশে উড়ল এই যান্ত্রিক ড্রাগন।
জার্মানির একটি সংস্থা এই ড্রাগন তৈরি করেছে কার্বন ফাইবার ও ফোম দিয়ে। সেটি যাতে আকাশে উড়তে পারে সেজন্য এর শরীর জুড়ে ২৩টি সচল ভাগ লাগানো রয়েছে।
সেগুলি যন্ত্রের সাহায্যে নড়তে পারে। তা দিয়েই সেটিকে ওড়ানো হয়, বসানো হয় নানা জায়গায়। গ্লাসগোয় এখন সব ছেড়ে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে এই উড়ন্ত ড্রাগন।











