২ হাজার টাকার নোট প্রত্যাহারের পর কত নোট ফেরত এসেছে, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক
২ হাজার টাকার নোট বাজার থেকে প্রত্যাহারের পর গত ৩ বছরে কত নোট তাদের কাছে ফেরত এসেছে, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২০২৩ সালের ১৯ মে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করে আরবিআই। তার পর সেই নোট ব্যাঙ্কে ফেরত আসতে শুরু করে। কারও কাছে ২ হাজারের নোট থাকলে তিনি ব্যাঙ্কে সেটি জমা করতে পারছিলেন।
যখন ২ হাজার টাকার নোট প্রত্যাহার করা হয় তখন ভারতীয় বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের ২ হাজার টাকার নোট ছড়িয়ে ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে বা আরবিআইয়ের ১৯টি চিহ্নিত ইস্যু অফিসে ফেরত দিতে থাকেন।
ইন্ডিয়া পোস্ট থেকেও চলতে থাকে নোট ফেরতের পালা। এভাবে ক্রমে বাজার থেকে তুলে নেওয়া হতে থাকে ২ হাজারের গোলাপি নোট। এভাবে ৩ বছর কেটে গেছে। এখন আর ২ হাজার টাকার নোট ভারতের বাজারে দেখতে পাওয়া যায়না।
তাহলে কি সব নোট আরবিআইয়ের ঘরে জমা পড়ে গেছে? ৩ বছর বাদে এবার তার খতিয়ান সামনে আনল আরবিআই। আরবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৯৮.৪৭ শতাংশ ২ হাজার টাকার নোট জমা পড়ে গেছে।
৩০ এপ্রিল ২০২৬-এ দাঁড়িয়ে ফেরত আসেনি ৫ হাজার ৪৫১ কোটি টাকার ২ হাজার টাকার নোট। প্রসঙ্গত নোটবন্দির পর ২০১৬ সালে ২ হাজার টাকার নোট বাজারে আসে। তবে ২০২৩ সালে তা বাজার থেকে প্রত্যাহারও করে নেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












