বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, বাড়ল সিএনজি-র দামও
পশ্চিম এশিয়ার সমস্যাকে সামনে রেখে জ্বালানির দাম যে বাড়তে পারে তার ইঙ্গিত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এবার তা সত্যি হল। বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।
পশ্চিম এশিয়ার সমস্যা মেটার নাম নিচ্ছে না। যার প্রভাব সরাসরি ভারতের ওপর পড়েছে। প্রধানমন্ত্রী নিজেই কয়েকদিন আগে দেশবাসীকে বিষয়টি নিয়ে সতর্ক করে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছিলেন। যেখানে পেট্রোল, ডিজেলের খরচ কমানোর কথা বলেছিলেন তিনি।
বিভিন্ন মহলেই এই চর্চা ছিল যে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি এখন সময়ের অপেক্ষা। অবশেষে তা সত্যি হল। তেল সংস্থাগুলি এবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করল।
লিটারে ৩ টাকা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। যা অবিলম্বে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়। ফলে দেশজুড়েই বিভিন্ন পেট্রলপাম্পে এখন পেট্রোল ও ডিজেল বর্ধিত মূল্যে কিনতে হচ্ছে।
শুধু পেট্রোল বা ডিজেল বলেই নয়, বেড়েছে সিএনজি-র দামও। শুক্রবার থেকে সিএনজি-র দাম প্রতি কিলোগ্রামে ২ টাকা করে বাড়ানো হয়েছে।
দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা প্রতি লিটার। এ শহরে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৩ পয়সা প্রতি লিটার।
অন্যদিকে দিল্লিতে দাম বাড়ার পর পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭ টাকা ৭৭ পয়সা এবং ৯০ টাকা ৬৭ পয়সা। মুম্বইতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি নতুন দাম হয়েছে যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ৯৩ টাকা ১৪ পয়সা।
অন্যদিকে চেন্নাইতে এই দাম বৃদ্ধির পর পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩ টাকা ৬৭ পয়সা এবং ৯৫ টাকা ২৫ পয়সা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











