মেয়ের দেওয়া উপহার প্রাণ বাঁচাল এক ব্যক্তির
মেয়ে তাঁকে উপহারটা দিয়েছিলেন। সেই উপহার যে তাঁর একদিন প্রাণ রক্ষা করবে তা বোধহয় বুঝে উঠতে পারেননি ওই ব্যক্তি। ঘটনাটি গোটা বিশ্বকে অবাক করেছে।
বাড়ির জঞ্জাল নির্দিষ্ট স্থানে ফেলতে যেমন অন্য গৃহস্থদের বাড়ির বাইরে বার হতে হয়, তাঁকেও তেমনই জঞ্জাল ফেলতে বাড়ি থেকে বার হতে হয়েছিল। জঞ্জাল ফেলতে বেরিয়ে আচমকা তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
এরপর যখন তাঁর হুঁশ ফেরে তখন তিনি দেখেন তিনি মাটিতে পড়ে আছেন। অনেক চেষ্টা করেও তিনি নড়তে পারছিলেননা। সেই সময় তাঁর হাতে থাকা অ্যাপেল ঘড়িটি সতর্কতা পাঠাতে শুরু করে।
সেই সতর্কবার্তা পৌঁছে যায় সোজা এমার্জেন্সি সার্ভিসেস-এ। সেখানে সতর্কতা পৌঁছনোর পর উদ্ধারকারীরা এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁর চিকিৎসা শুরু করেন।
তিনি যে অচেতন হয়ে শুয়ে আছেন তা অ্যাপল ঘড়িটির ফল ডিটেকশন সুবিধা বুঝতে পেরে যায়। একটি অ্যালার্মও দেয়। তাতে ওই ব্যক্তি সাড়া না দেওয়ায় ঘড়ি থেকেই সরাসরি এমার্জেন্সি সার্ভিসেস-এ সতর্কবার্তা পৌঁছে যায়।
ফলে তাঁকে হাসপাতালে পৌঁছে দিতে দেরি হয়নি। নাহলে পরিস্থিতি কি হত তা বলা মুশকিল। প্রসঙ্গত ওই ব্যক্তির ফুসফুসে রক্ত জমাট বেঁধেই এই ঘটনা ঘটে।
ওই ব্যক্তির মেয়ে তাঁকে এই স্মার্টওয়াচটি উপহার দিয়েছিলেন। সেটি যে তাঁর প্রাণ এভাবে বাঁচিয়ে দেবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহিও-র সিনসিনাটি-তে। পিউপল ম্যাগাজিনে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি পাঠকের নজর কেড়ে নেয়।












