ভেড়া চড়ার মাঠের পাথরে পাওয়া গেল ৫৬ কোটি বছর পুরনো প্রাণির ত্রিমাত্রিক ছাপ
একটা মামুলি ভেড়া চড়ার মাঠের চারধারে ছড়িয়ে থাকা পাথরের মাঝে একটি পাথর যে ৫৬ কোটি বছরের ইতিহাস বুকে করে আছে তা এতদিনে সামনে এল।
এমন ভেড়া চড়ার মাঠের অভাব নেই। সব দেশেই এমন চারণভূমি দেখতে পাওয়া যায়। এই ভেড়া চড়ার মাঠের চারধারে ইতিউতি ছড়িয়ে ছিল ছোট বড় পাথরের টুকরো। তারই একটি যে এমন কিছু বয়ে বেড়াচ্ছে তা কারও জানা ছিলনা।
এই ভেড়া চড়ার মাঠের একটি পাথর এখন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের যত্ন করে রাখার জিনিস হয়ে উঠেছে। কারণ এ পাথরের পেটে লুকিয়ে ছিল ৫৬ কোটি বছর পুরনো এক প্রাণির কথা। পৃথিবীতে যে জটিল প্রাণের ইতিহাস শুরু হয়েছিল, এ প্রাণি সেই সময়ের।
নরওয়ের ফিনমার্ক এলাকার একটি ভেড়া চড়ার মাঠে এই পাথরটি পাওয়া গেছে। যার পেটে লুকিয়ে ছিল একটি প্রাণির জীবাশ্ম। সাধারণত জীবাশ্ম পাথরের ওপর একটি সমতল ছাপের আকারে পাওয়া যায়।
কিন্তু এই পাথরে পাওয়া গেছে একটি প্রাণির ত্রিমাত্রিক জীবাশ্ম। প্রাণিটির জীবন শেষ হওয়ার পর দ্রুত সেটি মাটি চাপা পড়ে যায়। সেটাও হয়েছিল ৫৬ কোটি বছর আগে। সেই সময় থেকে ছাপটি সংরক্ষিত রয়েছে ত্রিমাত্রিক ভাবে।
প্রাণিটির দেহে শক্ত হাড় ছিলনা। খোলস ছিলনা। একটি নরম দেহের প্রাণি ছিল এটি। নাম চারনিয়া। স্ক্যান্ডিনেভিয়ায় পাওয়া এটিই প্রথম চারনিয়া জীবাশ্ম বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। ৫৬ কোটি বছর পুরনো এক প্রাণির ত্রিমাত্রিক জীবাশ্ম প্রাপ্তি অবশ্যই এক চমকপ্রদ আবিষ্কার বলে মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা।











