World

এক শহরে ২০২৮ সালের ১ দিনের হোটেল বুকিং প্রায় সম্পূর্ণ, অনেক হোটেলেই আর ঘর খালি নেই

এখনও ২ বছর বাকি। তার আগেই একটি শহরের হোটেলের ঘর বুকিং শুরু হয়ে গেল। ইতিমধ্যে একাধিক হোটেলের একটিও ঘর ফাঁকা নেই।

২০২৮ সালের ২২ জুলাই। এই একটি দিনের জন্য হোটেল বুকিং শুরু হয়ে গেল। ইতিমধ্যেই একাধিক হোটেলের বুকিং সম্পূর্ণ। ওই হোটেলে আর একটি ঘরও ফাঁকা নেই। ২ বছর বাকি থাকতেই এমন হোটেল বুকিং এর আগে দেখা যায়নি।

নিউজিল্যান্ডের ডুনেডিন শহরে হোটেলের ঘর নিয়ে কার্যত কাড়াকাড়ি চলছে। ২ বছর আগে থেকেই হোটেলের একটা ঘরের জন্য এভাবে সারা পৃথিবী থেকে মানুষের ঝাঁপিয়ে পড়া বেশ উপভোগ করছেন এ শহরের হোটেল ব্যবসায়ীরা। ২ বছর বাকি থাকতেই যে তাঁদের হোটেলের সব ঘর বুক হয়ে যাবে এটা তাঁরাও হয়তো ভাবতে পারেননি।

২০২৮ সালের ২২ জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। চাঁদে ঢাকা পড়বে সূর্য। একদম খাপে খাপে মিলে যাবে ২টি চাকতি। যা একদম ঠিকভাবে দেখা যাবে এই ডুনেডিন শহর থেকে।

যখন গ্রহণ তার পূর্ণ রূপ নেবে তখন দিনের মাঝেই ২ মিনিট ৫১ সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে এই শহরে। শুধু এই শহর বলেই নয়, ১০০ কিলোমিটার এলাকা জুড়েই অন্ধকার হয়ে যাবে চারধার।

এ এক বিরলতম দৃশ্য। অনেকের মতে, এমন দৃশ্য জীবনে একবারই দেখা যায়। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ২০২৮ সালের ২২ জুলাই হাজির হবেন নিউজিল্যান্ডের এই শহরে। দেখবেন বিরলতম এক মহাজাগতিক ঘটনা।

বাইরে থেকে এসে তো হোটেলেই থাকতে হবে। তাই দেরি না করে ২ বছর আগেই হোটেল বুকিং সেরে রাখছেন পর্যটকেরা। কুইন্সটাউনেও হোটেলের চাহিদা তুঙ্গে। সেখান থেকেও এই দৃশ্য একদম সঠিকভাবে দেখতে পাওয়া যাবে।

ফলে সেখানেও হোটেলের ঘর বুকিং করতে কাড়াকাড়ি পড়ে গেছে। নিউজিল্যান্ডের এই হোটেল বুকিং নিয়ে হুড়োহুড়ি রীতিমত বিশ্বের তাবড় সংবাদমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে। প্রসঙ্গত ১৯৬৫ সালে শেষবার নিউজিল্যান্ড থেকে এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাওয়া গিয়েছিল।

Show Full Article