World

জল, খাবার, অক্সিজেন ছাড়া এভারেস্টে নিখোঁজ ৬ দিন, শ্রাদ্ধানুষ্ঠানের সময় ফিরলেন প্রৌঢ়

এভাবেও ফিরে আসা যায়। দেখিয়ে দিলেন এক ৫২ বছরের শেরপা। যিনি এভারেস্ট থেকে নামার সময় হারিয়ে যান। তাঁর সঙ্গে ছিলনা অক্সিজেন, খাবার, পানীয় জল।

এভারেস্টের আবহাওয়া যে কতটা ভয়ংকর তা সকলের অনুমেয়। তার ওপর তিনি যখন ২৫ হাজার ফুট উচ্চতায়, তখনই তিনি হারিয়ে যান। ওই উচ্চতায় বরফের মাঝে কোথায় যে তিনি হারিয়ে যান তার খোঁজ পাওয়া যায়নি।

এদিকে তাঁর কাছে সে সময় না ছিল যথেষ্ট পানীয় জল, না ছিল পর্যাপ্ত খাবার। ছিলনা প্রয়োজনীয় অক্সিজেনও। এসব ছাড়া যে এভারেস্টে বেঁচে থাকা প্রায় অসম্ভব তা সকলের জানা। তাও আবার ওই উচ্চতায়।

৬ দিন ধরে এভারেস্টে নিখোঁজ ছিলেন ৫২ বছরের দাওয়া শেরপা। ৬ দিন কেটে যাওয়ার পর তাঁর পরিবারও ধরে নেয় দাওয়ার আর ফেরার আশা নেই। এভারেস্টেই কোনও বরফের নিচে তাঁর নিথর দেহের স্থান হয়েছে হয়তো।

দাওয়ার ফেরার আর কোনও সম্ভাবনা নেই বুঝতে পেরে তাঁর পরিবার ষষ্ঠ দিনে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান শুরু করে দেয়। মন্ত্রোচ্চারণ চলছিল, এমন সময় বাড়িতে খবর আসে দাওয়া শেরপা জীবিত। তিনি ফিরে এসেছেন।

দাওয়া হারিয়ে যান ২৫ হাজার ফুট উচ্চতায় ইয়েলো ব্যান্ডের কাছে। তখন আবহাওয়াও বিরূপ আকার নিয়েছিল। এরপর ৬ দিন চেনা পথ ছাড়াই তিনি নিচে নামার চেষ্টা চালিয়ে যান। সেটাও প্রতিকূল আবহাওয়ায়।

খাবার, জল, অক্সিজেন ছাড়া যে এভাবে ৬ দিন ধরে কেবল মনের জোরে নেমে আসতে পারা যায় তা দেখিয়ে দিলেন দাওয়া শেরপা। তিনি ১৭ হাজার ফুট উচ্চতায় থাকা ক্র্যাম্পন পয়েন্টে যখন ফেরেন তখন তাঁকে ফের দেখতে পাওয়া যায়।

যে পথ তাঁকে একাই অতিক্রম করতে হয় এভারেস্টের সেই অংশেই রয়েছে খুম্বু আইসফল। অত্যন্ত বিপজ্জনক স্থান। যে কোনও সময় বিপদ ঘটে যেতে পারে।

পরিস্থিতি আরও খারাপ ছিল কারণ এভারেস্টে চড়ার মরসুম শেষ হওয়ায় এভারেস্টের বিভিন্ন জায়গায় থাকা মই বা দড়ি খুলে ফেলা হয়েছিল। ফলে সেগুলো কাজে লাগিয়ে যে নিচে নামবেন তারও উপায় ছিলনা। তারপরেও জীবনের লড়াইটা লড়ে ৬ দিনের চেষ্টায় এভারেস্টে অন্য বিজয় সেরে ফিরে এলেন দাওয়া শেরপা।

Show Full Article