গঙ্গার জল বেড়েই চলেছে, অন্য নদীও ফুঁসছে, আরও খারাপের দিকে বন্যা পরিস্থিতি
পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। লাগোয়া রাজ্যে গঙ্গার জল বেড়েই চলেছে। সঙ্গে দোসর হয়েছে অন্য নদীগুলি। সর্বোচ্চ বন্যা স্তরও পার করতে চলেছে গঙ্গা।
জল বাড়ছে। আর তা এতটাই বাড়ছে যে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। যা পরিস্থিতি তাতে গঙ্গা তার সর্বোচ্চ বন্যাস্তর পার করতে চলেছে। গঙ্গা তার ২ ধার ভাসিয়ে জল আরও ভিতরে প্রবেশ করছে।
পরিস্থিতি বিবেচনা করে বিহার প্রশাসন নদীর ধারে বসবাসকারীদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। নিচু এলাকায় বসবাসকারীদের জন্যও একই পরামর্শ দিয়েছে প্রশাসন।
এদিকে বিহারে বন্যা পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। গঙ্গা তো ফুঁসছেই। তার সঙ্গে তাল মিলিয়ে ফুঁসছে গণ্ডক, দারধা, পুনপুন নদী। বিহারের খাগারিয়া জেলার অবস্থা শোচনীয়। ভাগলপুরের অবস্থাও তথৈবচ।
রাঘোপুরে আবার গঙ্গা এগিয়ে এসেছে অনেকটা। মাটি ধসে যাচ্ছে। রেললাইনের কাছে পৌঁছে গেছে গঙ্গার জল। মুঙ্গেরেও গঙ্গা ভয়ংকর রূপ নিয়েছে। মাধেপুরা জেলার আলমনগর ও চৌসা থেকে দ্রুত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরানোর জন্য নৌকার সাহায্য নেওয়া হয়েছে।
জল এতটাই যে নৌকায় করে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যার কারণে সড়ক যোগাযোগও বিপর্যস্ত। অনেক জায়গায় সড়কের ওপর ২ থেকে ৩ ফুট উচ্চতায় জল বইছে।
গ্রামের রাস্তাঘাট অধিকাংশ জায়গায় জলের তলায় চলে গেছে। জল ছবি দেখে বোঝা দায় কোথায় রাস্তা, কোথায় জমি, কোথায় ক্ষেত, কোথায় রেললাইন আর কোথায় মূল নদী। এদিকে সড়কের হাল বেহাল হওয়ায় অনেক জায়গায় সড়ক যোগাযোগ মুখ থুবড়ে পড়েছে — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













