ভারতের একটি উপকূলে ডলফিনের আনাগোনা খুব বেশি, কেন আসে তারা, জানাল গবেষণা
ভারতের একটি উপকূলে ডলফিনের আনাগোনা নজর কাড়ে। কেন এই ডলফিনের দল এখানেই এসে হাজির হয়। গবেষণা জানাল অনেক কথা।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে এখানে ডলফিনের আনাগোনা সবচেয়ে বেশি নজর কেড়েছে। সমুদ্রে যত স্তন্যপায়ী প্রাণি ঘুরে বেড়ায়, তাদের মধ্যে ডলফিনের আনাগোনা এখানে সবচেয়ে বেশি।
জায়গাটা কচ্ছ উপকূল। গুজরাটের এই আরবসাগরীয় উপকূলে ডলফিনদের আনাগোনা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। গবেষণা এমনই জানাচ্ছে।
নৌকায় চড়ে গবেষকেরা আরবসাগরের জলে ভেসে দেখার চেষ্টা করেন কোন কোন সামুদ্রিক প্রাণি জলে ঘুরছে। আর তা করতে গিয়ে তাঁরা অনেক ধরনের প্রাণির দেখা পান।
৩৪২টি সামুদ্রিক প্রাণির দেখা পান গবেষকেরা। যার মধ্যে ১৯৩টি ছিল কেবল ডলফিন। এই অঞ্চলে ইন্ডিয়ান ওশান হাম্পব্যাক ডলফিন সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়।
সমুদ্রের জীব বৈচিত্র্য রক্ষায় বিশেষ নজর দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হয়েছে সামুদ্রিক প্রাণি বৈচিত্র্য রক্ষায় নানা প্রচেষ্টা। সঙ্গে চলছে নানা গবেষণা।
সেই গবেষণার অঙ্গ হিসাবেই চলছে কচ্ছ উপকূলের ডলফিনের আনাগোনার ওপর নজরদারি। এখানে নারারা রিফে সবচেয়ে বেশি ডলফিন দেখতে পাওয়া গেছে। এই খাঁড়ি যে ডলফিনদের পছন্দের জায়গা হয়ে উঠেছে তা তাদের এই ঘনঘন নজরে পড়া থেকেই পরিস্কার।
অনেকের মনে হতেই পারে এখানেই এত ডলফিন দেখা যাচ্ছে কেন? এর কারণ লুকিয়ে আছে সামুদ্রিক জলস্রোতের ওপর। এখানে যে জলস্রোত বয় তাতে প্রচুর মাছ এখানে এসে পড়ে। বিশেষত ছোট মাছ। আর ডলফিনরা ছোট মাছ খেতে পছন্দ করে।
তাই কচ্ছ উপকূল তাদের প্রচুর খাবারের জোগান দেয়। আর যেখানে খাবার সেখানে তো সব প্রাণিই আসার চেষ্টা করে। ডলফিন ব্যতিক্রম নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













