National

২০০ বছরে প্রথম, রথে করে বাজনা বাজিয়ে মা ও সদ্যোজাত কন্যা সন্তানকে বাড়িতে আনল পরিবার

বাজল বাজনা। রাস্তায় নেচে উঠল পরিবার। রথ এগোল রাজপথ ধরে। আর সেই রথে চেপে হাসপাতাল থেকে বাড়ি এলেন মা ও সদ্যোজাত কন্যা সন্তান।

খরা মিটল। ২০০ বছর ধরে একটা পরিবার তাকিয়েছিল এই দিনটার দিকে। সেই দিন অবশেষে এল। আর মাঝে পরিবারের একাধিক প্রজন্ম এমন এক দিন দেখার আশায় জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু এ খুশি তাদের প্রাপ্তির ঝুলি পূরণ করতে পারেনি। অবশেষে সেই দিন এল। মাঝে পেরিয়ে গেল ২০০টা বছর।

মহারাষ্ট্রের বিদ জেলার একটি পরিবার তাদের বাড়ির বধূ ও তাঁর কোলে আসা সদ্যজাত কন্যা সন্তানকে তাই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এল রথে চাপিয়ে। রাজকীয় চালে তার বাড়িতে এল কন্যা সন্তান। মাঝে রাস্তায় রথ তো বটেই, তার সঙ্গে বাজনা, পরিবারের মানুষের খুশিতে নেচে ওঠার দৃশ্য অবাকও করল, খুশিও করল পথ চলতি মানুষকে।

ওই পরিবার জানিয়েছে গত ২০০ বছরে তাদের পরিবারে কোনও কন্যা সন্তানের জন্ম হয়নি। তাই কার্যত পরিবারের প্রতিটি প্রজন্ম চাতকের অপেক্ষায় থাকে কন্যা সন্তানের আশায়।

অবশেষে ২০০ বছর পর তাদের পরিবারে কন্যা সন্তান আসায় সকলে আপ্লুত। কন্যার পিতার মতে, তিনি শুনেছেন কন্যারা বাবার বেশি কাছের হয়। তিনি তাঁর এই সদ্যোজাত কন্যাকে ফুলের মত করে মানুষ করবেন। খুশি ওই পরিবারের সকলেই।

শিশুর ঠাকুমা জানান, তাঁদের পরিবারের ২০০ বছরের অপেক্ষার সমাপ্তি হল। ঘরে এল কন্যা সন্তান। এই মুহুর্তটাকে তারিয়ে উপভোগ করতে চাইছেন পরিবারের সকলেই। এ কন্যা যে পরিবারের সকলের চোখের মণি হয়ে বড় হবে তা বলাই বাহুল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article