National

পৃথিবীতে আগে কেউ দেখেনি, ভারতের অরণ্যে আশ্চর্য দর্শন চেনা প্রাণির দেখা

দেখা পাওয়া গেল এমন এক প্রাণির যাকে এর আগে কেউ দেখেননি। তবে প্রাণিটির প্রজাতিটি চেনা। কিন্তু চেহারা, রং আলাদা। যাদের এর আগে কেউ কখনও দেখেনি।

জঙ্গলে প্রাত্যহিক টহলদারি চলাকালীন একটি পাথরের খাঁজে নজরে পড়ে একটি প্রাণি। অদ্ভুত তার রং। চেনা প্রজাতি হলেও তার চেহারা আলাদা। পাথরের খাঁজে একটু স্যাঁতস্যাঁতে জায়গায় ছিল বেগুনি রঙের ছোট্ট প্রাণিটি।

কর্ণাটকের মোকাম্বিকা অভয়ারণ্যে টহলদারির সময় বন কর্মীদের নজরে পড়ে এই কখনও না দেখা প্রাণিটি। এটা অবশ্য বন কর্মীদের বুঝতে অসুবিধা হয়নি যে সেটি কাঁকড়ার একটি ধরণ। তবে এমন কাঁকড়া এর আগে কখনও দেখা যায়নি।

এমন এক অচেনা দর্শন প্রাণিটি কি তা ওই বন কর্মী বুঝতে পারলেও তার নমুনা তিনি বিশেষজ্ঞদের কাছে পাঠান। গবেষকেরা পরীক্ষা করে দেখেন এই গাঢ় বেগুনি রংয়ের কাঁকড়াটিকে।

এটি কোনও নতুন প্রজাতির কাঁকড়া? এই প্রশ্ন মনে জাগা স্বাভাবিক ছিল। বিজ্ঞানীরা তা নিশ্চিতও করেন। জানিয়ে দেন এ প্রাণি অচেনা। এর আগে পৃথিবীতে এর দেখা কেউ পাননি। ফলে তা আবিষ্কার সন্দেহ নেই।

পাওয়া গেল একটি মিষ্টি জলের কাঁকড়া। যা নাম দেওয়া হয় ঘাটিয়ানা কর্ণাটকা। পশ্চিমঘাট পর্বতমালায় যে এখনও কত অজানা প্রাণি নিজেদের মত করে রয়েছে তার আরও একবার প্রমাণ মিলল এই নতুন প্রাণির দেখা পাওয়ায়।

এই কাঁকড়াগুলি একটু স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। এদের রং অবশ্যই নজর কেড়ে নেয়। বিশেষত পুরুষ কাঁকড়াদের রং। তাদের গাঢ় বেগুনি রংয়ের শরীরে একটা গোলাপি রংয়ের ভি লেখার মত চিহ্ন থাকে।

তাদের রংয়ের ভিন্ন বাহারের জন্য জঙ্গলের সবুজের মধ্যেও তাদের দেখা পাওয়া খুব কঠিন নয়। ভেজা গাছে বা জলা জায়গায় এদের দেখা পাওয়া যায়।

Show Full Article