National

টিউবওয়েল পাম্প করতেই উঠে এল ভূতুড়ে মাছ, মিলল নতুন প্রজাতির সন্ধান

টিউবওয়েল থেকে উঠে এল চোখহীন, রংহীন রহস্যময় মাছ। বিজ্ঞানীরা বলছেন, মাটির নিচের অন্ধকার জলেই কাটে তার পুরো জীবন।

একটি সাধারণ টিউবওয়েল। সেখান থেকে পাম্প করে জল তোলা হচ্ছিল প্রতিদিনের মতোই। কিন্তু সেই জলের সঙ্গেই একদিন উঠে এল এমন একটি ছোট মাছ, যাকে দেখে প্রথমেই চমকে উঠেছিলেন গবেষকেরা।

মাছটি দৈর্ঘ্যে মাত্র দেড় ইঞ্চির কাছাকাছি। অথচ তার চোখ প্রায় নেই, শরীরে কোনও দৃশ্যমান রং নেই, এমনকি সিটি স্ক্যানে স্পষ্ট পাঁজরের হাড়ও ধরা পড়েনি। ভারত নেপাল সীমান্তের কাছে একটি টিউবওয়েল থেকে উদ্ধার হয় অচেনা ওই প্রাণিটি।

ডিএনএ বিশ্লেষণ এবং শরীরের গঠন পরীক্ষা করে বিজ্ঞানীরা বুঝতে পারেন, এটি শুধু অচেনা কোনও মাছ নয়। এটি সম্পূর্ণ নতুন গণ এবং প্রজাতির প্রতিনিধি। নাম দেওয়া হয়েছে গঙ্গাইকথিস ইন্দোনেপালিকাস।

আশ্চর্যের বিষয় হল, এই মাছ সম্ভবত কোনও নদী, পুকুর বা গুহার জলে থাকেনা। গবেষকদের ধারনা, মাটির অনেক নিচে ভূগর্ভস্থ জলের সঙ্গে থাকা বালি এবং নুড়ি পাথরের অত্যন্ত ক্ষুদ্র ফাঁকের মধ্যেই তার পুরো জীবন কাটে।

আলোহীন সেই জগতে চোখ বা শরীরের রঙের প্রয়োজন প্রায় নেই। তাই বহু প্রজন্ম ধরে বিবর্তনের মাধ্যমে তার এসব বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছে। তবে পাঁজরের বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা এখনও সতর্ক।

সিটি স্ক্যানে পাঁজর দেখা যায়নি ঠিকই, তবে অতিসূক্ষ্ম হাড় স্ক্যানে ধরা নাও পড়তে পারে। অর্থাৎ পায়ের বহু নিচে, অন্ধকার ভূগর্ভস্থ জলের জগতে এমন প্রাণি লুকিয়ে থাকতে পারে, যাদের অস্তিত্ব সম্পর্কেই এতদিন কারও কোনও ধারনা ছিলনা।

Show Full Article