National

হাসপাতাল থেকে উধাও গয়না ভর্তি ব্যাগ, সিসিটিভিতে চোর দেখে তাজ্জব পুলিশ

হাসপাতাল থেকে রাতের অন্ধকারে উধাও হয়ে গেল একটি গয়না ভর্তি ব্যাগ। যাতে ৪ লক্ষ টাকার গয়না ছিল। সিসিটিভি দেখে চোরের হদিশ পেয়েছে পুলিশ। অবাকও হয়েছে।

ছেলের হাত ভেঙে যাওয়ায় মা তাকে সঙ্গে করে হাসপাতালে হাজির হয়েছিলেন। সেখানে ছেলে ভর্তি হয়। মা ছেলের সঙ্গেই থাকছিলেন। রাতে তিনি হাসপাতালেই থাকছেন। তাই বাড়িতে গয়না রাখা সুরক্ষিত হবেনা মনে করে তিনি তাঁর সব গয়না একটি ব্যাগে ভরে নিজের সঙ্গে নিয়ে আসেন।

কিন্তু ভোরে উঠে দেখেন সেই গয়না ভর্তি ব্যাগ আর নেই। তা চুরি গিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন লতা বাঈ নামে ওই মহিলা।

ব্যাগে রূপোর কোমরবন্ধ, রূপোর চুটকি, রূপোর মল, সোনার মঙ্গলসূত্র, সোনার কানের দুল, সোনার আংটি, সোনার পুঁতি ছিল। ছিল ২ হাজার টাকা নগদ। সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ চুরি যায়।

পুলিশ তদন্তে নামে। ভোরের দিকেই চুরিটা হয়েছে সেটা বুঝতে পারেন তদন্তকারীরা। কিন্তু এটা পরিস্কার হচ্ছিল না কে বা কারা চুরিটা করেছে। অবশেষে ওই ওয়ার্ডে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করে পুলিশ। আর সেই ফুটেজেই কিনারা হয় রহস্যের।

স্পষ্ট দেখা যায় কে চুরি করেছে। আর যে চুরিটা করেছে তাকে দেখে মাথায় হাত পড়ে যায় পুলিশের। কারণ চোর কোনও মানুষ নয়, একটি কুকুর। একটি পথ কুকুর ওই ওয়ার্ডে এসে ব্যাগটি মুখে নিয়ে বেরিয়ে যায়।

পুলিশ হাসপাতাল চত্বরেই খোঁজাখুঁজি শুরু করে। ব্যাগটি হাসপাতাল চত্বরে পাওয়াও যায়। তাতে গয়নাও যেমন ছিল তেমন অবস্থায় উদ্ধার হয়। পুলিশের অনুমান ব্যাগে বিস্কুট জাতীয় খাবার থাকায় সেই খাবারের গন্ধে ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছিল কুকুরটি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর-এর জেলা হাসপাতালে।

Show Full Article