প্রেমিকার হাজারো চুম্বনের জের, সাড়ে ৫ হাজার টাকা জরিমানা গুনলেন এক যুবক
প্রেমিকার ভালবাসায় ভরা হাজারো চুম্বন। সেই গাঢ় লিপস্টিকের চুম্বনই মুশকিলে ফেলল এক যুবককে। সাড়ে ৫ হাজার টাকা গুনতে হল তাঁকে।
সোশ্যাল মিডিয়া এখন অনেক কিছুতে উদ্বুদ্ধ করতে থাকে। যাতে মানুষ তা করে। তেমনই এক সোশ্যাল মিডিয়া পোস্টে উজ্জীবিত হয়ে অবশেষে মুশকিলে পড়ে গেলেন এক যুবক। তাঁকে সাড়ে ৫ হাজার টাকা গুনতে হল জরিমানা হিসাবে। তাও আবার নিছক ভালবাসায় মোড়া প্রেমিকার চুম্বনের জন্য।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে। সেখানে ওই যুবকের সাদা গাড়িটি সেজে উঠেছিল। ফুলে নয়। ছবিতে নয়। তাঁর প্রেমিকার চুম্বনে। যে চুম্বনের চিহ্ন গাড়িটিকে ছেয়ে ফেলেছিল।
ভালবাসার মানুষের গাড়িতে ৩ হাজার ৪০০টি চুম্বন চিহ্ন এঁকে দেন প্রেমিকা। গাঢ় লালচে রংয়ের লিপস্টিক থাকা চুম্বন চিহ্ন অত্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। গাড়ির এমন কোনও জায়গা বাকি ছিলনা যেখানে ওই চুম্বনের চিহ্ন ছিলনা।
আপাত দৃষ্টিতে গাড়িতে চুম্বনের চিহ্ন আঁকা কারও ক্ষতি করেনা। কিন্তু গাড়ির বহিরঙ্গের সাজের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। তা আইনত সিদ্ধ। ফলে সেই আইন ভঙ্গ হলে তার উপযুক্ত শাস্তিও পেতে হবে।
গাড়িতে এভাবে চুম্বনের চিহ্ন সাজানো মোটর ভেহিকল আইনে অন্যায়। তাই ওই যুবক তাঁর গাড়ির চুম্বন আঁকা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই পুলিশ গাড়ির নম্বর থেকে তাঁকে খুঁজে নেয়। তাঁকে এমন কাজের জন্য সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তৎক্ষণাৎ ওই চুম্বনের দাগ মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।











