৪ ধামে তীর্থভ্রমণে নতুন রেকর্ড, বর্ষা উপেক্ষা করে কোন ধামে কত পুণ্যার্থী তাও জানা গেল
৪ ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। এই চারধামে এবার পুণ্যার্থীর সংখ্যা সব হিসাব ছাপিয়ে গেল। বর্ষা উপেক্ষা করেও ভক্তের ঢল।
চারধাম যাত্রা নিয়ে প্রতিবছরই বহু মানুষ উৎসাহী হন। হাজির হন হিমালয়ের পাহাড়ে এই চারধামে। এ বছরও তার অন্যথা হয়নি। ৪ ধামেই উপচে পড়ছে পুণ্যার্থীদের ঢল।
এখন বর্ষাকাল। পাহাড়ে বর্ষা সব সময়ই ভয়ংকর। ধস নামা, হড়পা বান, রাস্তা নষ্ট হয়ে যাওয়া, পাহাড়ি পথে আটকে পড়ার মত ঘটনা ঘটতেই থাকে। কিন্তু সেসব প্রতিকূলতা মানুষের উৎসাহে ভাটা ফেলতে পারেনি।
পুণ্যার্থীরা নিয়ম করেই হাজির হচ্ছেন এই ৪ ধামে। এবার প্রথম ১১৪ দিনে ৪৭ লক্ষের বেশি পুণ্যার্থী এই ৪ ধামে হাজির হয়েছেন। গতবছর এই সময় এই সংখ্যাটা ছিল ৪৬ লক্ষের ওপর। এ বছর পুণ্যার্থী আগমন রেকর্ড তৈরি করেছে। বর্ষা উপেক্ষা করেই তাঁরা হাজির হচ্ছেন এই ৪ ধামে।
এ বছর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পুণ্যার্থী হাজির হয়েছেন বদ্রীনাথ ধামে। এখানে এখনও ১৬ লক্ষের ওপর পু্ণ্যার্থী হাজির হয়েছেন। পুণ্যার্থী আগমনে দ্বিতীয় স্থানে রয়েছে কেদারনাথ ধাম। এখানে এখনও সাড়ে ১৪ লক্ষ ভক্ত হাজির হয়েছেন।
এরপর পুণ্যার্থী আগমনে তৃতীয় স্থানে রয়েছে গঙ্গোত্রী। এখানে এখনও ৭ লক্ষ ৩৭ হাজারের ওপর পুণ্যার্থী দর্শন করেছেন। যমুনোত্রী ধামে ভক্তদের হাজিরার সংখ্যা এখনও ৬ লক্ষ ৬২ হাজারের ওপর। এছাড়া হেমকুণ্ড সাহিবে এখনও পর্যন্ত পুণ্যার্থী এসেছেন ২ লক্ষ ৪০ হাজারের ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












