National

একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বৈষ্ণোদেবী এবং অমরনাথ যাত্রা

২ অন্যতম তীর্থস্থানে ভক্তদের আগমন আপাতত স্থগিত হয়ে গেল। কবে থেকে ফের দর্শন করা যাবে তাও পরিস্কার নয়। বিপাকে পুণ্যার্থীরা।

দেশের অন্যতম ২ তীর্থস্থান বৈষ্ণোদেবী ও অমরনাথ দর্শন আপাতত বন্ধ হয়ে গেল। একসঙ্গে এই ২ অন্যতম তীর্থস্থানে ভক্ত আগমন বন্ধের নির্দেশে রীতিমত বিপাকে পড়েছেন পুণ্যার্থীরা।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত গুহা মধ্যের তুষার শিবলিঙ্গ অমরনাথ যাত্রা দুর্গম। পাহাড়ি পথ ধরে ওই উচ্চতায় পৌঁছতে হয় পুণ্যার্থীদের। শ্রী অমরনাথজি দর্শনে পুণ্যার্থীদের জন্য ২টি যাত্রা পথ রয়েছে। একটি পহেলগাম থেকে। অন্যটি বালতাল থেকে।

পহেলগাম হয়ে পৌঁছনোর পথ দীর্ঘ। কিন্তু এই পথ পারম্পরিক। অন্য পথটি অত দীর্ঘ নয়। সেটি বালতাল থেকে। সেখান থেকেও পুণ্যর্থীরা যাত্রা করেন। পহেলগাম ও বালতাল পর্যন্ত তাঁরা গাড়িতেই পৌঁছন। তারপর দুর্গম পাহাড়ি পথ ধরে গুহায় পৌঁছন।

এই পহেলগাম এবং বালতাল থেকে যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে অনেক পুণ্যার্থীই যাওয়ার জন্য পৌঁছে বিপাকে পড়েছেন। কতদিন অপেক্ষা করতে হবে তাও বুঝে উঠতে পারছেন না তাঁরা।

আবহাওয়া এতটাই বিরূপ আকার নিয়েছে যে পুণ্যার্থীদের দুর্গম পাহাড়ে চড়া ঝুঁকির হবে বলে মনে করছে প্রশাসন। তাই প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আপাতত স্থগিত থাকছে অমরনাথ যাত্রা। তাও অনির্দিষ্টকালের জন্য। প্রসঙ্গত আনুষ্ঠানিকভাবে অমরনাথ যাত্রা শেষ হবে ২৮ অগাস্ট।

একই সমস্যায় পড়েছেন বৈষ্ণোদেবী দর্শনে যেতে চাওয়া পুণ্যার্থীরাও। সেখানেও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বৈষ্ণোদেবী দর্শন। কারণ একটাই। সেই প্রতিকূল আবহাওয়া। যার জেরে প্রশাসনের তরফে বাধ্য হয়েই যাত্রা স্থগিতের নির্দেশ দিতে হয়েছে।

পুণ্যার্থীদের প্রশাসনিক নির্দেশকে মাথায় রেখে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। কবে থেকে ফের যাত্রা শুরু হবে জানিয়ে দেওয়া হবে বলেও প্রশাসনের তরফে নিশ্চিন্ত করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in App