মানবসভ্যতার চেয়েও অনেক পুরনো, ভারতের মাটিতে তখনও ছিল সুগন্ধি এই গাছ, যা আজও জনপ্রিয়
২ কোটি ৪০ লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ ছিলনা। ছিলনা বর্তমান সময়ের অনেককিছুই। কিন্তু তখনও ভারতের মাটিতে এই জনপ্রিয় গাছ ছিল। আজও আছে। প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।
২ কোটি ৪০ লক্ষ বছর আগেও যে এ গাছ ছিল তা অবাক করছে বিজ্ঞানীদের। কারণ তখন এমন অনেক গাছই ছিল যা পরিবর্তিত আবহাওয়া ও পরিস্থিতিতে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এ গাছ রয়ে গেছে। যা আজও সুন্দরবনের অন্যতম প্রধান গাছ। যা এখনও ভারতের নানা প্রান্তেই নজরে পড়ে।
অসমের তিনসুকিয়ায় রয়েছে মাকুম কয়লাখনি। সেখানেই মাটির তলা থেকে এমন জীবাশ্ম উদ্ধার হয়েছে যার বয়স আনুমানিক ২ কোটি ৪০ লক্ষ বছর। জীবাশ্মটি একটি গাছের। যে গাছ আজও রয়েছে। নামটা সকলের চেনা।
কেওড়া গাছের নাম তো সকলেই শুনেছেন। এই গাছ থেকে তৈরি হয় সুগন্ধি। মিষ্টিতে কেওড়া জল দেওয়া হয়। আবার পারম্পরিক ওষধিতেও এর উপস্থিতি রয়েছে। কেওড়া গাছের পাতা থেকে ফল হরিণ, বাঁদরদের খুব প্রিয়। কেওড়া এমন এক গাছ যা সহজেই পাওয়া যায়।
সেই কেওড়া গাছ যে ২ কোটি ৪০ লক্ষ বছর আগেও ছিল, আর ছিল এই ভারতের মাটিতেই, তা এক অনন্য তথ্য হয়ে সামনে এল। জীবাশ্মটি পরীক্ষার পরই বিষয়টি জানতে পারেন বিজ্ঞানীরা।
জীবাশ্মের প্রাচীনত্ব থেকে এটা পরিস্কার যে মানুষ এ পৃথিবীতে আসার বহু আগে থেকেই এই গাছের অস্তিত্ব ছিল। যা আজও রয়ে গেছে। তার নানা কার্যকরি ভূমিকাও রয়েছে।











