গঙ্গার ধার ধরে নতুন রাস্তা, অধিক রোজগার ও কর্মসংস্থানের স্বপ্ন দেখছে দেশের প্রাচীন শহর
গঙ্গার ধার ধরে তৈরি হবে ৬ লেনের রাস্তা। যা শহরের যানজট এড়িয়ে মানুষকে সহজে পৌঁছে দেবে জাতীয় সড়কে। রাস্তার হাত ধরে রোজগারের স্বপ্নে বিভোর শহরবাসী।
শহরের মধ্যে মানুষের ভিড় লেগে থাকে। শহরবাসী তো রয়েছেনই, এই প্রাচীন শহরে ভক্তের ঢলও সারা বছর লেগে থাকে। সেই ভিড়, যানজট কাটিয়ে রেলস্টেশন বা জাতীয় সড়কে পৌঁছে যাওয়া নেহাত সহজ হয়না। অনেকটা সময় রাস্তায় কেটে যায়। সঙ্গী হয় সময়ে গন্তব্যে পৌঁছনোর চিন্তা।
এবার সেই যানজট, ভিড় এড়িয়ে সহজেই ১৯ নম্বর জাতীয় সড়কে পৌঁছে যেতে বারাণসীতে তৈরি হচ্ছে ৬ লেনের রাস্তা। যা গঙ্গার ধার ধরে তৈরি হবে। এতে শহরের মধ্যে সমস্যা হবেনা।
এই ৬ লেনের পথ তৈরিতে সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স। এই রাস্তা তৈরিতে খরচ বরাদ্দ হয়েছে ১৪ হাজার ৪৪৭ কোটি ৬৪ লক্ষ টাকা।
এই প্রকল্প রূপায়িত হলে বারাণসী শহরে আরও ভক্তের ঢল নামবে বলেই মনে করছেন স্থানীয় নেতৃত্ব থেকে সাধারণ মানুষ। যা বারাণসীর মানুষের রোজগার বাড়াতে কার্যকরি ভূমিকা নেবে বলেও আশাবাদী তাঁরা।
ভক্ত ও পর্যটকের ভিড় বাড়লে তাঁদের থাকার জন্য আরও অনেক গেস্ট হাউস তৈরি হবে শহরে। যা কর্মসংস্থান বাড়াতে সাহায্য করবে। যত মানুষ বাইরে থেকে এ শহরে হাজির হবেন, ততই এই শহরের মানুষের রোজগার বাড়বে।
যা স্থির হয়েছে, গঙ্গার ধার ধরে মাটির উপর দিয়ে যাবে এই রাস্তা। বারাণসী রিং রোড থেকে এই পথ গিয়ে মিশবে ১৯ নম্বর জাতীয় সড়কে। এই পথে কেবল ব্রিজও তৈরি হবে।
থাকবে ফুটব্রিজ, ব়্যাম্প, লিঙ্ক রোড এবং সার্ভিস রোডও। এই পথ তৈরি হলে বারাণসী শহরে সড়ক পথে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত সহজ হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











