রাস্তার ধারে প্রস্রাব করলে বড় পর্দায় দেখা যাবে তাঁকে, দেশের এক শহরে অভিনব উদ্যোগ
রাস্তার ধারে যেখানে সেখানে প্রস্রাব করা মানা। কিন্তু শুনছে কে। তাই এবার এই প্রবণতা রুখতে এক অভিনব রাস্তায় হাঁটল দেশের এক বিখ্যাত শহর।
রাস্তায় যত্রতত্র প্রস্রাব করবেননা। রাস্তায় থুতু, পানের পিক ফেলবেননা। এসব মানুষকে জানিয়ে কম প্রচার হয়নি। এমন করলে জরিমানাও করা হয়েছে অনেক সময়। প্রশাসনের তরফে নানাভাবে চেষ্টা হয়েছে এভাবে বিভিন্ন শহর নোংরা করা রোখার। কিন্তু শুনছে কে?
এত প্রচার, এত জনসচেতনতা বৃদ্ধির চেষ্টার পরেও বহু মানুষ রাস্তার ধারে দেওয়ালে প্রস্রাব করা, রাস্তায় যেখানে সেখানে থুতু ফেলা, পানের পিক ফেলা চালিয়ে যান। এবার তাই একদম অন্য রাস্তায় হেঁটে এমন কাজ বন্ধ করার উদ্যোগ নিল অসমের তিনসুকিয়া পৌরসভা।
শহরের মোড়ে মোড়ে বিশাল স্ক্রিন লাগানো হয়েছে। শহর জুড়ে রাস্তায় যত সিসিটিভি ক্যামেরা রয়েছে তাতে ধরা পড়া মানুষের রাস্তার ধারে প্রস্রাব করার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। যিনি একাজ করছেন তাঁকেও দেখা যাচ্ছে।
শহরের সকলে তাঁকে দেখছেন তিনি এভাবে ইচ্ছেমত প্রস্রাব করছেন দেওয়ালের ধারে। যার নাম দেওয়া হয়েছে হল অফ শেম। এভাবে লজ্জিত করে যদি মানুষকে এমন কাজ থেকে বিরত করা যায় তার চেষ্টাই লক্ষ্য তিনসুকিয়া পৌরসভার।
এই উদ্যোগকে অভিনব বলে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। জরিমানা করেও যখন ফল হয়না, তখন এমন এক পথ হয়তো শুধরে দিতে পারে এমন কাজে লিপ্ত মানুষজনকে। এমনটাই মনে করছেন অনেকে।
যদিও কিছু মানুষ গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই উদ্যোগকে অধিকাংশ মানুষই অভিনব ও ভাল উদ্যোগ বলে ব্যাখ্যা করছেন। এখন দেখার এই উদ্যোগে তিনসুকিয়া শহরে এই প্রবণতা কমে কিনা।











