National

৬০ বছর পর ফিরে এল হারিয়ে যাওয়া ধূসর পাখি, জঙ্গলে আপন খেয়ালে মেলল ডানা

এ এক বড় প্রাপ্তি সন্দেহ নেই। হারিয়ে যাওয়া ধূসর পাখি ফিরে এল ৬০ বছর পর। এই ৬০ বছরে তাদের দেখা পাওয়া যায়নি।

১৯৬০-এর দশকে গিরের জঙ্গলে এদের শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে এই পাখি নিখোঁজ ছিল। নাম গ্রে হর্নবিল। স্থানীয়রা ডাকতেন চিলোত্রো নামে। ধুসর রংয়ের এ পাখির হারিয়ে যাওয়া স্থানীয়দেরও ধাক্কা দিয়েছিল।

তারপর ৬০ বছর কেটে যাওয়ার পর ২০২১ সালে সরকারের তরফে শুরু হয় উদ্যোগ। পাখি ফেরানোর উদ্যোগ। নাম দেওয়া হয় ইন্ডিয়ান গ্রে হর্নবিল প্রোজেক্ট। গির অরণ্যের সবুজের মাঝে এই পাখিকে ফিরিয়ে আনার জন্য ২০২১ এবং ২০২২ সালে ২৮টি গ্রে হর্নবিল ছাড়া হয় এই জঙ্গলে।

২০২৩ সালে ছাড়া হয় আরও ১২টি। আর সেই সঙ্গে শুরু হয় পর্যবেক্ষণ। এই সবকটি গ্রে হর্নবিল আরাবল্লী জঙ্গল থেকে আনা হয় গির অরণ্যে। জঙ্গল বদলের জন্য এদের মানিয়ে নিতে কোনও সমস্যা হচ্ছে কিনা, তারা এখানে স্বাভাবিকভাবে উড়ে বেড়াচ্ছে কিনা, এখানে তারা ডিম পাড়ছে কিনা, সবই কড়া পর্যবেক্ষণে রাখা হয়।

সে বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন বন দফতরের আধিকারিকরা। ইন্ডিয়ান গ্রে হর্নবিল গির জঙ্গলে মানিয়ে নিয়েছে। ডিমও পাড়ছে। বংশবৃদ্ধি করছে। হারিয়ে যাওয়ার ৬০ বছর পর এ জঙ্গলে ফের তাদের দেখা পাওয়া যাচ্ছে।

হতে পারে তারা প্রকৃতির নিয়মে ফিরে আসেনি। মানুষের প্রচেষ্টায় অন্য জঙ্গল থেকে এনে তাদের এ জঙ্গলে ছাড়া হয়েছে। তবু তারা মানিয়ে নিয়ে এখন গিরের পক্ষীরাজ্যের একটি অংশ হতে পেরেছে। এতে বন দফতরের পাশাপাশি স্থানীয়রাও বেজায় খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article