National

জোর করে বাথরুমে ঢোকে ডেলিভারি বয়, বেরিয়ে পোশাক খুলেও দাঁড়ায়, অভিযোগ মহিলার

তিনি রাজি না হলেও পার্সেল দিতে এসে জোর করে তাঁর বাথরুমে ঢুকে পড়ে ডেলিভারি বয়। বাথরুম থেকে বেরিয়ে তাঁর সামনে পোশাক খুলেও দাঁড়ায়। অভিযোগ মহিলার।

তিনি একাই থাকেন ফ্ল্যাটে। তাঁকে একটি পার্সেল দিতে তাঁর দরজায় হাজির হয় এক ডেলিভারি বয়। তিনি পার্সেল নেওয়ার পর ওই ডেলিভারি বয় মহিলাকে জিজ্ঞেস করে সে ওই মহিলার বাথরুমটা একটু ব্যবহার করতে পারবে কিনা।

মহিলা না করে দেন। এটাও জানান, তিনি কোনও অপরিচিতকে ফ্ল্যাটে প্রবেশের অনুমতি দেন না। যদি খুব দরকার থাকে তাহলে ওই ডেলিভারি বয় আশপাশের যে ফ্ল্যাটে পুরুষ রয়েছেন সেখানে অনুরোধ করতে পারে।

ওই মহিলা তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে আরও জানান, তিনি বারবার না করার পর আচমকা জোর করে ওই ডেলিভারি বয় তাঁর ফ্ল্যাটে ঢুকে আসে। তারপর বাথরুমে চলে যায়।

মহিলা নিজের সুরক্ষার কথা ভেবে ফ্ল্যাটের সদর দরজা খুলে চৌকাঠের কাছে দাঁড়িয়ে থাকেন। যদি কোনও কুউদ্দেশ্যের আঁচ পান তাহলে যাতে তিনি বাইরে পালাতে পারেন।

মহিলা জানান, বাথরুম থেকে বেরিয়ে আসার পর ওই ডেলিভারি বয় আর এক কাণ্ড ঘটায়। তাঁর সামনে পোশাক খুলে দাঁড়িয়ে পড়ে সে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা।

তবে তাঁর ফোনের ক্যামেরা তিনি অন রেখেছিলেন। তাতে সবই ধরা পড়ে। বেঙ্গালুরুর বাসিন্দা ওই মহিলা সমাজ মাধ্যমে তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি পুলিশেও জানান। পুলিশ ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article