National

অনুর্বর, নোনা জমিতে ১ কোটি ২৫ লক্ষ গাছ, ভোল বদলাবে বিশাল অঞ্চলের

অনুর্বর নোনা জমি হিসাবে বছরের পর বছর ধরে পড়ে থাকা এলাকা সবুজে ভরে ওঠার অপেক্ষায়। বদলে যেতে চলেছে এক বিশাল অঞ্চলের বাস্তুতন্ত্র।

চেষ্টা করলে বঞ্জর জমিকেও সবুজ সুফলা করে তোলা সম্ভব। দরকার সদিচ্ছা ও উদ্যোগের। সেটাই এবার একটি বিশাল অঞ্চলকে বদলে দিতে চলেছে। ১টা ২টো নয়, ১ কোটি ২৫ লক্ষ গাছে ভরে উঠবে ওই হেক্টরের পর হেক্টর জমি। যাকে এতদিন সকলে জানতেন অনুর্বর নোনা মাটির জমি হিসাবে।

যে জমিতে ফসল হতনা। গাছ হতনা। ধুধু প্রান্তর হয়ে পড়েছিল। সে এলাকা এবার বদলে যেতে চলেছে। ১ কোটি ২৫ লক্ষ গাছ যে একটা এলাকার পুরো বাস্তুতন্ত্রটাকেই বদলে দিতে পারে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুজরাটের গান্ধীনগর গ্রিন লোকসভা প্রকল্পের আওতায় এই বিশাল অঞ্চল জুড়ে সবুজায়নের চেষ্টা চলছে। এত কোন গাছ লাগানো হবে? স্থির হয়েছে এই এলাকায় হয় এমন গাছই রোপণ করা হবে।

যাতে এই এলাকার পরিবেশ, জল, আবহাওয়ার সঙ্গে তা খাপ খাইয়ে নিতে পারে অনায়াসে। স্থানীয়ভাবে যে সব গাছ বহুদিন ধরে রয়েছে, এমন প্রজাতির গাছকেই এই সবুজায়নে গুরুত্ব প্রদান করা হচ্ছে।

মাটি তো অনুর্বর। তার ওপর এই মাটিতে নোনা ভাব প্রবল। তাহলে গাছ হবে কীভাবে? এই মাটিতে প্রথমে যথেষ্ট লাঙল চষা হচ্ছে। মাটি চষে তাতে দেওয়া হচ্ছে জিপসাম, খামার তৈরির সার, অন্যান্য সার এবং আরও কিছু পদার্থ।

এগুলি মাটিতে মেশানো হচ্ছে যাতে মাটি উর্বর হয়ে উঠতে পারে। সেই সঙ্গে সৌরশক্তি নির্ভর বোরওয়েল করা হয়েছে। যাতে মাটিতে জলসেচে অসুবিধা না হয়।

ইতিমধ্যেই ২ লক্ষ ৩০ হাজার গাছ লাগানো শুরু হয়ে গেছে। এভাবে ধাপে ধাপে ১ কোটি ২৫ লক্ষ গাছ লাগানো হবে। যা কিছুটা বড় হলে গোটা এলাকার চেহারাই বদলে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article