National

মটন খাওয়ানোর আশ্বাস দিয়ে চিকেন খাওয়ানোয় বিয়েবাড়ি আর বিয়েবাড়ি রইল না

কনেপক্ষ আশ্বাস দিয়েছিল মটন খাওয়াবে, দাবি পাত্রপক্ষের। কিন্তু তা না করে চিকেন পরিবেশন করেছে। এটা দেখার পর বিয়েবাড়ি আর বিয়েবাড়ি রইল না।

বিয়ে যেমন হওয়ার তেমনই হয়। বিয়ের পর এবার খাওয়াদাওয়ার পালা। কনেপক্ষের তরফে পাত্রপক্ষকে খাওয়ানোর আয়োজন করা হয়। খাবার পরিবেশন শুরু হয়। যখন মাংস দেওয়ার পালা তখন চিকেনের পদ তুলে দেওয়া হয় পাত্রপক্ষের অতিথিদের পাতে।

এটা দেখার পরই রেগে যান তাঁরা। পাত্রপক্ষের দাবি, বিয়ের আগে কনেপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বিয়ের দিন তাঁরা পাত্রপক্ষের জন্য মটনের ব্যবস্থা রাখবেন।

কিন্তু পাতে খাবার পড়তে দেখা যায় মটন নয়, তাঁদের চিকেন পরিবেশন করা হচ্ছে। যা একেবারেই মেনে নিতে পারেননি তাঁরা। শুরু হয় ২ পক্ষে চিৎকার চেঁচামেচি।

প্রথমে ঝগড়া। তারপর হাতাহাতি। তাতে পাত্রপক্ষের বেশ কয়েকজন এতটাই জখম হন যে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়। চোট লাগে কনেপক্ষের কয়েক জনেরও।

এই কাণ্ডে বিয়েবাড়ি আর বিয়েবাড়ি থাকেনি। চারধারে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা চেয়ার। জিনিসপত্র এখানে ওখানে পড়ে লুটোপুটি খাচ্ছে। ঘটনাটি ঘটেছে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর নগরে।

মুসলিম ২ পরিবারের এই নিকাহ অনুষ্ঠানের মাঝে অশান্তি পুলিশ অব্ধি গড়ায়। পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে। ২ পরিবারই একে অপরকে এই ঘটনার জন্য দায়ী করেছে। এদিকে ঘটনার পর বিয়েবাড়ি জুড়ে শুধুই ধ্বংসের ছবি। থমথমে চারধার।

Show Full Article