উপত্যকায় বিয়েতে মটনের হাহাকার, তৈরি হচ্ছেনা ওয়াজওয়ান
উপত্যকার বিয়েবাড়িগুলিতে এখন চিন্তার ভাঁজ। মটন নেই। তাই সেখানকার বিখ্যাত ওয়াজওয়ানও তৈরি হচ্ছেনা। অতিথিদের কি খাওয়াবেন বুঝতে পারছেন না কনে ও বরপক্ষ।
কাশ্মীরের বিয়েতে মটনের একটা বড় ভূমিকা থাকে। সেখানে অতিথিদের মটন খাওয়ানোর একটা রেওয়াজ রয়েছে। বিয়েবাড়িতে এমনিতেই মাংসের পদ হয়ে থাকে। কাশ্মীরে বিখ্যাত হল ভেড়ার মাংসের একটি পদ। যার নাম ওয়াজওয়ান।
মধ্যরাত থেকে এই রান্নার আয়োজন শুরু হয়। রান্না হতেই বেলা গড়িয়ে যায়। অনেকটা সময় নিয়ে তৈরি হয় এই বিশেষ ভেড়ার মাংসের পদ। যার একটা আলাদাই কদর রয়েছে এই রাজ্যে। সেখানেই এখন পাওয়া যাচ্ছেনা ভেড়ার মাংস। কারণ ভেড়া ঢুকছেই না কাশ্মীরে।
রাজস্থান ও হরিয়ানা। প্রধানত এই ২ রাজ্য থেকে গাড়ি করে ভেড়া পৌঁছয় কাশ্মীরে। সেখান থেকে গাড়িগুলি কাশ্মীরের দিকে এসে আটকে যাচ্ছে পঞ্জাবে।
অভিযোগ পঞ্জাবে এই গাড়িগুলিকে দাঁড় করিয়ে ২০ হাজার বা তার বেশি গাড়ি পিছু অর্থ আদায় করা হচ্ছে। যাকে কর হিসাবেই ব্যাখ্যা করা হচ্ছে। যদিও এই অর্থ পঞ্জাবে গুনতে রাজি হচ্ছেনা অনেক গাড়ি। ফলে গাড়ি আটকে থাকছে রাস্তার মাঝে।
এই সমস্যা মেটাতে ইতিমধ্যেই কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা চিঠি পাঠিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে। কাশ্মীরে যাতে এই ভেড়া নিয়ে আসা গাড়িগুলি ঢুকতে পারে তা নিশ্চিত করতে অনুরোধ করেছেন তিনি।
এদিকে কাশ্মীরের বিয়েবাড়িগুলি বেজায় চিন্তায় পড়েছে। কারণ এই সমস্যা না মিটলে বিয়েবাড়িতে ওয়াজওয়ান কেন, মটনের কোনও পদই রান্না হওয়া সম্ভব হবেনা। তাহলে অতিথিদের কি খাওয়ানো হবে? এ নিয়ে ভেবে কূলকিনারা করতে পারছেন না বর ও কন্যাপক্ষ।













