বারাণসীতে বন্ধ হচ্ছে মাছ, মাংস বিক্রি, দোকান সরছে শহরের সীমানার বাইরে
বারাণসী শহরে মাছ, মাংস বিক্রি বন্ধ করার পথে হাঁটল বারাণসী পুরসভা। সব দোকান আগামী ৬ মাসের মধ্যে সরিয়ে দেওয়া হবে শহরের সীমানার বাইরে।
দেশের অন্যতম প্রাচীন শহর বারাণসী। বাবা বিশ্বনাথের শহর দেশের অন্যতম পবিত্র শহর বলেও পরিচিত। যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী হাজির হন। এ শহরে ফল, শাক-সব্জির সঙ্গে মাছ, মাংস বিক্রিও চলে আসছে। কিন্তু আগামী দিনে তা আর থাকবেনা। বারাণসী শহরে বন্ধ হচ্ছে মাছ, মাংস বিক্রি। শহরে থাকা কয়েক হাজার মাছ, মাংসের দোকানকে সরে যেতে হবে এ শহরের সীমানার বাইরে। আর তা সম্পূর্ণ করা হবে আগামী ৬ মাসের মধ্যেই। ইতিমধ্যেই তার উদ্যোগ শুরু করেছে বারাণসী পুরসভা।
বারাণসীতে যে মাছ, মাংসের দোকানগুলি রয়েছে সেগুলিকে শহরের বাইরে জায়গা দেওয়া হচ্ছে। এজন্য বেছে নেওয়া হয়েছে শহরের বাইরে ছিতাইপুর, দুমরি, শিবপুর, রামনগরের মত স্থান। যেখানে তাদের নতুন জায়গা করে দেওয়া হবে। যেখানে মাছ, মাংসের যে জঞ্জাল বার হবে তাও সঠিকভাবে সাফাইয়ের ব্যবস্থা থাকবে। থাকবে বিদ্যুৎ সংযোগ, জলের ব্যবস্থা।
বারাণসী পুরসভা স্পষ্ট করেছে বারানসি শহরে মাছ, মাংস বিক্রি বন্ধ হচ্ছে। দোকানগুলিকে সরতে হচ্ছে। চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছেনা। তাদের বরং শহরের সীমানার বাইরে জায়গা করে দেওয়া হচ্ছে। সেখানে তাঁরা যেমন বিক্রি করছিল তা করতে পারবেন।
বারাণসীতে মানুষ তীর্থ করতে আসেন। এটি একটি তীর্থক্ষেত্র। সেখানে মাছ, মাংসের দোকান দেখতে অনেকেই পছন্দ করবেননা। বারাণসী শহরের পবিত্রতা রক্ষা করে তার সাংস্কৃতিক গৌরবকে রক্ষা করতেই এই পদক্ষেপ বলে স্পষ্ট করেছে নগর প্রশাসন। – সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











