National

পর্যটক তরুণীর হারানো এটিএম কার্ড ৬ ঘণ্টা পাড়ি দিয়ে পৌঁছে দিলেন যুবক, নিলেন না ১ টাকাও

মানুষ ক্রমশ হৃদয়হীন হয়ে পড়ছেন বলা হয়। কিন্তু একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা প্রমাণ করল এখনও মনুষ্যত্ব, মানবিকতা বেঁচে আছে।

ভারতে পর্যটকরা অতিথির মতন হন। অতিথি সেবায় ত্রুটি রাখা ভারতের সংস্কৃতি নয়। সেটা যেন আরও একবার প্রমাণ হল। আমেরিকা থেকে এক তরুণী একাই ভারত ভ্রমণে এসেছিলেন। কেরালায় ঘোরার সময় তিনি একটি কুরিয়ার সংস্থায় হাজির হয়েছিলেন কিছু জিনিস মার্কিন মুলুকে পাঠানোর জন্য।

ওই সংস্থার এক কর্মীর সঙ্গে তাঁর আলাপ হয়। সেই যুবক যেহেতু তাঁর দেওয়া সামগ্রি কুরিয়ার করার দায়িত্বে রয়েছেন, তাই ওই তরুণী ফোন নম্বর আদানপ্রদান করে নেন।

ওই তরুণী সমাজ মাধ্যমে জানিয়েছেন, তিনি রাতের দিকে টাকা তুলতে একটি এটিএম-এ যান। সেখান থেকে টাকা তোলেন। তারপর বেরিয়ে যান।

এরপর তিনি পৌঁছে যান ওই জায়গা থেকে অনেকটা দূরে অন্য এক স্থানে। সেটা ছিল রবিবার। সকালে তাঁর মাথায় আসে তিনি এটিএম থেকে টাকা তোলার পর কার্ডটা আর সংগ্রহ করেননি। সেটা মেশিনেই থেকে গেছে।

প্রবল উৎকণ্ঠা নিয়ে ওই আমেরিকান তরুণী কৃষ্ণ নামে ওই কুরিয়ার কর্মীকে ফোন করেন। জিজ্ঞেস করেন তিনি ওই এটিএম কার্ডটি এটিএম-এ রয়েছে কিনা সেটা একবার খোঁজ করতে পারবেন কিনা।

ওই যুবক দ্রুত সেই এটিএম-এ হাজির হন। এটিএম কার্ডটিও পান। কিন্তু সেটা ছিল রবিবার। তাঁর ছুটি। কুরিয়ার অফিসেও ছুটি। অন্য শহরে থাকা ওই তরুণী আবার ভারত ছাড়ছেন ৩৬ ঘণ্টার মধ্যে।

ওই যুবক আর কিছু না ভেবে এটিএম কার্ডটি নিয়ে টোটো ধরে পাড়ি দেন ওই তরুণী যে শহরে রয়েছেন সেখানে। কম দূর নয়। কম করে ৬ ঘণ্টার পথ। ২ বন্ধুকে নিয়ে টোটোয় করে যুবক হাজির হন সেখানে। তারপর তরুণীর হাতে এটিএম কার্ডটি তুলে দেন। তরুণী অবাক হন। আপ্লুত হন। এভাবে যে তিনি তাঁর কার্ডটি ফেরত পাবেন তা যেন তাঁর কল্পনার অতীত ছিল।

তিনি ওই যুবককে এই উপকারের জন্য টাকাও দিতে চান। কিন্তু সে টাকা নিতে চাননি ওই উপকারি যুবক কৃষ্ণ। উল্টে জানান, তিনি জানেন ওই তরুণীর সঙ্গে থাকা টাকা কমে এসেছে। তাই টাকা নেওয়ার প্রশ্ন নেই।

ওই তরুণী তাঁর ভাল লাগাটা কীভাবে সমাজ মাধ্যমে তুলে ধরবেন তা যেন ঠিক করে উঠতে পারেননি। ভাষা কুলিয়ে উঠতে পারছিলেননা তিনি। প্রসঙ্গত কার্ডটি দিতে গিয়ে যাতায়াত এবং কার্ড ফেরত মিলিয়ে ছুটির দিনে প্রায় ১৪ ঘণ্টার মত সময় যায় ওই যুবকের।

Show Full Article