National

গরম থেকে রক্ষা করতে বসানো হল ১৫টি কুলার, তবে মানুষের জন্য নয়

ভারতের একটা অংশ এখনও তাপপ্রবাহে জ্বলছে। মাঝে কিছুটা স্বস্তির ঝড়বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মিলছেনা। তারমধ্যেই বসল ১৫টি কুলার মেশিন। তবে মানুষের জন্য নয়।

ভারত আগুনে গরমে পুড়ছে। দেশের উত্তর পশ্চিম, মধ্য ও উত্তরাংশের রাজ্যগুলির হাল সবচেয়ে বেহাল। তাপপ্রবাহ চলছে। গরম ৪০ থেকে ৪৮ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিচে নামতে চাইছে না। এই পরিস্থিতিতে মানুষ আপাতত নিজের কথা ভাবতেই ব্যস্ত।

গরমের হাত থেকে রেহাই পেতে এসি থেকে কুলার কিছুই বাদ যাচ্ছেনা। কিন্তু পশুপাখিদের কি হবে? জঙ্গলের মধ্যে নিজের মত ঘুরে বেড়ানো পশুপাখিদের সকলের জন্য ব্যবস্থা সম্ভব না হলেও একটি নেচার পার্কের কর্তৃপক্ষ অন্যই পথে হাঁটল।

গরমে ভারতের নানা অংশের সঙ্গে জ্বলছে গুজরাটও। সেই গুজরাটের গান্ধীনগরের ইন্দ্রোদা নেচার পার্কও রেহাই পাচ্ছেনা গরম থেকে। এই পার্কে বাস ৬০০ পশুর। যার মধ্যে রয়েছে সিংহ, বাঘ, লেপার্ড, কুমির ও আরও নানাধরনের সরীসৃপ, সজারু এবং আরও নানা প্রাণি। রয়েছে অনেক পাখিও।

তাদের এই গরমের হাত থেকে রক্ষা করতে নেচার পার্কটির মধ্যে বসল ১৫টি কুলার মেশিন। মানুষকে ঠান্ডা করতে নয়, সেখানকার ৬০০ পশুর কথা মাথায় রেখে এই ব্যবস্থা। তার সঙ্গে ২০টি স্প্রিঙ্কলারের সাহায্যে পশুপাখিদের জন্য জল ছেটানোর কাজ চলছে।

দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কুলার এবং স্প্রিঙ্কলার কাজ করছে। দেশের বিভিন্ন অংশে যে প্রবল গরমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে পশু পাখিদের গরম থেকে রেহাই দিতে এমন আরও ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article